তিয়ানজিন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমঝোতার মাধ্যমে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়েরস।
২০১২ সালে মেয়াদ শেষ হতে যাচ্ছে জলবাযু পরিবর্তন বিষয়ক চুক্তি কিয়োটো প্রটোকলের।
বর্তমান অবস্থায় এ চুক্তির কি কি বিষয় নিয়ে সমঝোতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি চুক্তিতে পৌঁছানো যায় তা নিয়ে প্রতিনিধিরা চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে সোমবার বৈঠকে মিলিত হয়েছেন।
তিয়ানজিনের এ বৈঠক আগামী শনিবার পর্য়ন্ত চলবে।
সমঝোতা বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ফিগুয়েরস বলেন, "সব পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করার এখনই সময়।"
এ বছর ২৯ নভেম্বর মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের আগে এটাই শেষ বৈঠক।
২০০৯ সালের শেষদিকে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে জলবায়ু তহবিল এবং শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার বাস্তবায়নে স্বচ্ছতার দাবিতে ধনী ও দরিদ্র দেশগুলোর মতবিরোধের কারণে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন বিশ্ব নেতারা।
২০১১ সালের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখন নিজেদের মধ্যে মতবিরোধ নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক্রিস্টিয়ানা বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব পক্ষের মধ্যে আস্থা ও সক্ষমতা সৃষ্টির লক্ষ্যে কানকুন সম্মেলনে একটি সুস্পষ্ট নীতিমালা বের হয়ে আসা জরুরি।"
পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ফলে যে প্রভাব তার কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রায় ১০ হাজার মার্কিন ডলার দেওয়ার যে প্রতিশ্র"তি রয়েছে তা নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন সরকার, শিল্পগোষ্ঠী, বেসরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩ জাহার প্রতিনিধি তিয়ানজিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫৯ঘ.
bdnews24