২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়া নির্বাচন: বাকিরও প্রেসিডেন্ট হতে চলেছেন

বসনিয়ার গৃহযুদ্ধকালীন মুসলিম নেতা আলিজা ইজৎবেগোভিসের ছেলে বাকিরও দেশটির তিনজন প্রেসিডেন্টের একজন নির্বাচিত হতে চলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

সারাজেভো, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বসনিয়ার গৃহযুদ্ধকালীন মুসলিম নেতা আলিজা ইজৎবেগোভিসের ছেলে বাকিরও দেশটির তিনজন প্রেসিডেন্টের একজন নির্বাচিত হতে চলেছেন। সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে এমনটি দেখা যাচ্ছে। বসনিয়া ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে কিনা তা দেখার জন্য পশ্চিমারা নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছে। তবে সার্ব প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে কারচুপি হয়ে থাকতে পারে এবং কর্মকর্তারা সে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানালে নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা দেয়। ২০০৬ সালে বসনিয়ায় শেষবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন থেকে ক্রোট, মুসলিম এবং সার্ব নেতাদের মধ্যে অনাস্থা বাড়তে থাকে। আর তাতে দেশটির আধা-সায়ত্ত্বশাসিত দুটি অঞ্চল মুসলিম ক্রোট ফেডারেশন ও সার্ব প্রজাতন্ত্রের মধ্যে রাজনৈতিক বিভেদও বেড়ে যায়। রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বাকির বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এগিয়ে রয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট হারিস সিলাজদজিচের চেয়ে অন্য জাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গে কাজ করতে অনেক বেশি আগ্রহী বলেই ধারণা করা হচ্ছে। নির্বাচনের ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে। ইজৎবেগোভিস রয়টার্সকে বলেন, "আমরা বসনিয়ায় স্থিতিশীলতা এবং এর নাগরিকদের জন্য উন্নত ভবিষ্যত নিয়ে আসবো। এর মানে হচ্ছে শান্তি এবং উন্নয়ন ও চাকরির জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবো।" ১৯৯২ থেকে ১৯৯৫ সালে সার্ব ও মুসলিমদের জাতিগত সংঘাতে বসনিয়ায় প্রায় এক লাখ মানুষ মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৪১৯ঘ.