২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচন: ব্রাজিলে দ্বিতীয় দফা ভোট ৩১ অক্টোবর

ব্রাজিলে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী দিলমা রৌসেফ বিপুল ব্যবধানে প্রথম হলেও দ্বিতীয় দফা ভোট এড়াতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 03:16 AM

Updated : 25 Aug 2022, 06:47 PM

সাওপাওলো, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রাজিলে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী দিলমা রৌসেফ বিপুল ব্যবধানে প্রথম হলেও দ্বিতীয় দফা ভোট এড়াতে পারছেন না। ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে শতকরা ৫০ ভাগ ভোট পেতে হয়। কিন্তু নির্বাচনে কোনো প্রার্থীই এই পরিমাণ ভোট পাননি। ফলে আগামী ৩১ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে। ৯৮ ভাগ ভোট গণনা শেষে দেখা যায়, নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সমর্থিত দিলমা রৌসেফ পেয়েছেন ৪৬ দশমিক ৬ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসে সেরা পেয়েছেন ৩২ দশমিক ৭ শতাংশ ভোট। এর আগে বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হয়েছিল রৌসেফ ৫১ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। কিন্তু দুর্নীতি কেলেঙ্কারী এবং সামাজিক ইস্যুগুলোতে রৌসেফের দৃষ্টিভঙ্গির কারণে শেষ মুহূর্তে অনেক ভোটার তাকে ভোট দেয়নি। অন্যদিকে সবুজ দলের মারিনা সিলভা অপ্রত্যাশিতভাবে ২০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৩১ অক্টোবরের দ্বিতীয় দফা নির্বাচনে সিলভার সমর্থনই ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৫৩ঘ.