টোকিও, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈশ্বিক অর্থনীতির প্রয়োজনেই চীন ও জাপানের সম্পর্কোন্নয়ন জরুরি। জাপানের মূখ্য মন্ত্রিপরিষদ সচিব ইওশিতো সেঙ্গোকু শনিবার একথা বলেছেন।
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনা মাছ ধরা ট্রলারের সঙ্গে জাপানি উপকূলরক্ষী জাহাজের সংঘর্ষ ও তার পরবর্তী ঘটনাপ্রবাহে সম্প্রতি দু'দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়।
জাপানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেঙ্গোকু বলেন, "বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে এশিয়া। এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য চীন-জাপান সম্পর্ক শক্তিশালীকরণ, কৌশলগত উন্নয়ন ও উভয়পক্ষের সমঝোতামূলক বন্ধন জোরদার করা জরুরি।"
তিনি বলেন, "এর জন্য কেবল উচ্চ পর্যায়ের সমঝোতাই নয় বরং দু'দেশের লেনদেনের ক্ষেত্রে আগের আস্থাপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনা জরুরি।"
দু'দেশের সম্পর্কোন্নয়নের বিষয়ে তিনি বলেন, "আমি নিরাশ নই, আশাবাদীও নই।"
প্রধানমন্ত্রী নাওতো কান সোমবার ব্রাসেলসে অনুষ্ঠেয় এশিয়া-ইউরোপ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রওয়ানা হওয়ার একদিন আগে এসব কথা বলেন সেঙ্গোকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/কেএমএস/১৪৩৩ ঘ.
bdnews24