২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরে পুলিশ প্রধানের পদত্যাগ

ইকুয়েডোরে পুলিশ কর্মকর্তাদের বিদ্রোহ এবং প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে শুক্রবার পদত্যাগ করেছেন সেদেশের পুলিশ প্রধান ফ্রেডি মার্টিনেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

কিতো, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইকুয়েডোরে পুলিশ কর্মকর্তাদের বিদ্রোহ এবং প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে শুক্রবার পদত্যাগ করেছেন সেদেশের পুলিশ প্রধান ফ্রেডি মার্টিনেজ। বৃহস্পতিবার বিদ্রোহী পুলিশ বাহিনীর কবল থেকে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে উদ্ধার করে সেনাবাহিনী। মুক্ত হওয়ার পর এক সপ্তাহের জন্য ইকুয়াডোরে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্র্রেসিডেন্ট কোরেয়া। এ উদ্ধার অভিযানে ২ পুলিশ নিহত ও ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। পুলিশ প্রধান মার্টিনেজ বিদ্রোহে জড়িত না থাকলেও বিদ্রোহ ঠেকাতে ব্যর্থ হয়ে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম পদত্যাগ করলেন। পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গতরাতে মার্টিনেজ পদত্যাগ পত্র জমা দেয়ার কথা জানিয়েছেন। নতুন একটি আইনে পুলিশের বেতন হ্রাসের পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার হাজার হাজার পুলিশ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বসভবনে চড়াও হলে টিয়ার সেল বিস্ফোরণে সামান্য আহত হন কোরেয়া। এরপর তাকে পুলিশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোরেয়াকে আটক করে বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা। প্রায় ১২ ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রেসিডেন্টের অনুগত সেনা নিয়ে গঠিত বিশেষ বাহিনী রুদ্ধশ্বাষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। জিম্মি দশা থেকে উদ্ধার পেয়ে কোরেয়া প্রেসিডেন্ট প্রাসাদে ফিরে যান। স্থানীয় টিভি ফুটেজে দেখা যায় কোরেয়ার হাজার হাজার সমর্থক ইকুয়েডরের পতাকা হাতে প্রাসাদের বাইরে অবস্থান করছে। কোরেয়া এ ঘটনাকে তাকে ক্ষমতা থেকে অপসারণের অভ্যুত্থান ও ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। সংবাদ সংস্থাগুলি জানিয়েছে , বিদ্রোহ শেষ হয়েছে। বিদ্রোহীদের অনেককেই আটক করা হয়েছে। আটককৃতদের কিটোর কারাগারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পড়াশোনা করা বামপন্থী কয়েরা ২০০৭ সালে ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বচিত হন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ বন্ধু কোয়েরা। ক্ষমতায় আসার পর ইকুয়েডরে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করলেও প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার মতো বিভিন্ন জনপ্রিয় নীতি গ্রহণ করেছেন তিনি। এসব বিষয় তার ব্যাপক জনসমর্থনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/বিবি/এলকিউ/২০৫০ ঘ.