কিতো, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুলিশ বিদ্রোহের পর ইকুয়েডরে বৃহস্পতিবার এক সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট রাফায়েল কয়েরা বিদ্রোহী পুলিশ সদস্যদের কাছ থেকে সেনাবাহিনীর সহায়তায় মুক্ত হওয়ার পর এ ঘোষণা দেন।
নতুন একটি আইনে পুলিশের সামাজিক সুযোগসুবিধা খর্ব হওয়ায় বৃহস্পতিবার হাজার হাজার পুলিশ বিক্ষোভ করে। এসময় টিয়ার সেল বিস্ফোরণে অসুস্থ হয়ে পড়েন প্রেসিডেন্ট কয়েরা। এরপর তাকে পুলিশের একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কয়েরাকে 'জিম্মি করে' বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা। এরপর ব্যাপক গোলাগুলির মাধ্যমে পুলিশকে ছত্রভঙ্গ করে সেনাবাহিনী তাকে উদ্ধার করে।
জিম্মি দশা থেকে উদ্ধার হওয়ার পর কয়েরা প্রেসিডেন্ট প্রাসাদে ফিরে যান। স্থানীয় টিভি ফুটেজে দেখা যায় কয়েরার হাজার হাজার সমর্থক ইকুয়েডরের পতাকা হাতে প্রাসাদের বাইরে অবস্থান করছে।
বিষয়টিকে কয়েরা একটি 'ক্যু' প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পড়াশোনা করা বামপন্থী কয়েরা ২০০৭ সালে ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বচিত হন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ বন্ধু কয়েরা।
ক্ষমতায় আসার পর ইকুয়েডরে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করলেও প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার মতো বিভিন্ন জনপ্রিয় নীতি গ্রহণ করেছেন কয়েরা।
এসব বিষয় তার ব্যাপক জনসমর্থনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১১০২ ঘ.
bdnews24