মস্কো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবন যাত্রা ব্যয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে শনিবার রাশিয়ায় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের পদত্যাগ চেয়ে দশ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
রাশিয়ার বাল্টিক সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। কমিউনিস্টরাসহ অন্যান্য রাজনৈতিক দল এ মিছিল আয়োজন করে।
বিরোধী দলের এক নেতা বরিস নেমস্তভ 'ইকো মস্কোভি রেডিও' কে বলেন, জনগণ জীবনযাত্রার ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি এবং উচ্চ বেকারত্ব হারের বিরুদ্ধে প্রতিবাদ করছে।
তিনি জানান, কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে মিছিলটি আয়োজন করেছে।
তিনি বলেন, "আমি বিশ্বাস করি সারা রাশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার এটি একটি সতর্ক সঙ্কেত।"
নতুন বছরের শুরুতেই রাশিয়ার বিভিন্ন কর্তৃপক্ষ সাধারণভাবেই বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, পানি ও বিদ্যুতের বিল বাড়িয়েছে।
ওদিকে, ডিসেম্বরের মধ্যে দেশটির বেকারত্ব বেড়ে ৮ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
রাশিয়ার সরকার অবশ্য অর্থনীতির মন্দা দশা কাটাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে এবং সমস্যাক্রান্ত অঞ্চল ও শহরগুলোতেও সহযোগিতা দিয়েছে।
তবে জনপ্রিয়তার জরিপে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট এবং গোয়েন্দা কর্মকর্তা পুতিনই সবাইকে ছাড়িয়ে শীর্ষে আছেন। চলতি মাসে ভিটিএসআইওএম এর এক জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ রুশ জনগণ পুতিনের নেতৃত্বে বিশ্বাস রাখেন। অন্যদিকে, ৪২ শতাংশ মানুষ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে পছন্দ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫২ ঘ.
bdnews24