২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে আরো দায়িত্ব নিতে হবে: মার্কেল

আফগান সমস্যা সমাধানে পাকিস্তানের আরো দায়িত্বশীল ভূমিকা চাইছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 05:12 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

বার্লিন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান সমস্যা সমাধানে পাকিস্তানের আরো দায়িত্বশীল ভূমিকা চাইছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রকাশিতব্য এক সাক্ষাতকারে তিনি বলেছেন, "পাকিস্তান যদি দায়িত্ব না নেয়, তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে কঠিন।" রোববার জার্মানির এক সাপ্তাহিকীতে সাক্ষাতকারটি প্রকাশ হচ্ছে। তালেবান উৎখাতের পরও আফগানিস্তানকে যুদ্ধের মধ্য দিয়েই যেতে হচ্ছে। তালেবানের বিরুদ্ধে অভিযানে আফগান সরকারকে সহায়তায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সৈন্যও মোতায়েন রয়েছে দেশটিতে। মার্কেল বলেন, "সমস্যার পূর্ণ সমাধানে আফগান কর্তৃপক্ষকে যেমন আরো সক্রিয় হতে হবে, তেমনি আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে প্রতিবেশী দেশ বিশেষ করে পাকিস্তানকে।" নিজ দেশের সমস্যা সমাধানে প্রতিবেশীদের সহায়তা চেয়ে আসছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও। এদিকে যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে আফগান সরকার যেমন সন্দেহের চোখে দেখে, তেমনি বিশ্বাস করতে পারে না তালেবানও। জার্মানি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে তাদের সদস্য সংখ্যা দ্বিগুণ করবে। বাড়াবে ত্রাণ সহায়তাও। তবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে সুনির্দিষ্ট দিন-ক্ষণ ঘোষণা করতে নারাজ মার্কেল। তার যুক্তি, এতে তালেবান হামলা আপাতত বন্ধ করে পরে বড় হামলার সুযোগ খুঁজতে পারে। জার্মান চ্যান্সেলর বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন ছাড়া সেখান থেকে চলে এলে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হবে। যদিও বিভিন্ন জনমত জরিপে ফলাফলে দেখা যায়, অধিকাংশ জার্মান এখনি আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পক্ষপাতি। আফগানিস্তানে বর্তমানে ৪ হাজার ২০০ জার্মান সৈন্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.