ডাভোস, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু চুক্তি এ বছর সম্ভব নাও হতে পারে এবং আলোচনা ২০১১ সাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান ইভো ডি বোয়ার শুক্রবার একথা বলেছেন।
গত মাসে কোপেনহেগেন সম্মেলনে কিয়োটো পরবর্তী জলবায়ু চুক্তি করতে ব্যর্থতার পর বোয়ার এ আশঙ্কা প্রকাশ করলেন।
বিশ্বের দেশগুলোর মধ্যে আস্থার অভাব এবং অর্থনৈতিক সঙ্কট এ বছর ডিসেম্বরে মেক্সিকোয় অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা দুরূহ করে তুলেছে বলে বোয়ার মন্তব্য করেছেন।
ভারতও বলেছে, অর্থনীতি উন্নত না হওয়া পর্যন্ত উচ্চাকাঙ্খী জলবায়ু চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
ভারতের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ডাভোসের অর্থনৈতিক সম্মেলনে বলেছেন, আগামী দিনগুলোতে অর্থনৈতিক সঙ্কট চলতে থাকলে কিংবা এর আরও অবনতি ঘটলে জলবায়ু পরিবর্তন রোধে বেশি মাত্রায় কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণী যে চুক্তি বিশ্ব আশা করছে তা সম্ভবত হয়ে উঠবে না।
ওদিকে, বোয়ার বলেন, মেক্সিকো সম্মেলনে আমরা চুক্তিতে পৌঁছতে পারব নাকি আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন হবে তাইই এখন দেখার বিষয়। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি স্পষ্ট হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৫ ঘ.
bdnews24