নাইরোবি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যাম্বোডিয়ার এমভি লায়লা-এস নামের একটি কার্গো জাহাজ বুধবার সোমালি উপকূলীয় বন্দরে মাল নামানোর পর এটি ছিনতাই করেছে জলদস্যুরা।
বৃহস্পতিবার আঞ্চলিক এক কর্মকর্তা একথা জানান।
মোম্বাসায় কেনিয়া ভিত্তিক 'ইস্ট আফ্রিকান সীফারারস এসিসটেন্স প্রোগ্রাম' এর কর্মকর্তা এন্ড্রু মঙ্গুরা বলেন,"জাহাজে থাকা নাবিকরা ছিলেন পাকিস্তানি, ভারতীয়, শ্রলঙ্কান, সিরীয় এবং সোমালিয়।"
তিনি আরও বলেন,"মনে হচ্ছে জাহাজটির সঙ্গে সিরীয় এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সংযোগ রয়েছে। আমরা খবর পেয়েছি যে বুধবার মাল খালাসের পরই জাহাজটিকে ছিনতাই করে বন্দুকধারীরা।"
তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।
এক সপ্তাহ আগে সোমালি জলদস্যুরা রেকর্ড মুক্তিপণের বিনিময়ে একটি গ্রিক তেল ট্যাঙ্কারকে মুক্তি দেয়।
১৯৯১ সালে সোমালিল্যান্ড নিজেরাই স্বাধীনতা ঘোষণা করে। সোমালিল্যান্ডের জনগণ এ ভেবে গর্ববোধও করে যে অন্তত দক্ষিণ সোমালিয়ার মতো তাদের ওখানে অতটা অস্থিতিশীল পরিস্থিতি নেই।
দক্ষিণ সোমালিয়ার পশ্চিমা সমর্থনপুষ্ট দুর্বল সরকার মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও জঙ্গিরা দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
আন্তর্জাতিক সমুদ্রযাত্রা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, গত বছর বিশ্বব্যাপী জলদস্যুবৃত্তি প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। এরমধ্যে ৪০৬টি ঘটনার অর্ধেকেরও বেশি ঘটাচ্ছে সোমালি দস্যুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24