ওয়াশিংটন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----চাকরি বাড়ানোই এ বছরের প্রথম কাজ। বুধবার মার্কিন কংগ্রেসে প্রথম বার্ষিক 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে একথা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে কিছু ভুলও হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
ভাষণে অনেক প্রতিকূলতার মুখেও স্বাস্থ্যসেবা সংস্কার কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ওবামা।
ওবামার এক বছরে তিনটি প্রধান প্রদেশে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের হারিয়েছে। ভাটা পড়েছে নিজের জনপ্রিয়তায়।
উপরন্তু অর্থনৈতিক মন্দায় চাকরি খোয়ানোরা হতাশার শিকার হচ্ছে। বেকারত্বের হার এখনও ১০ শতাংশ। নভেম্বরে কংগ্রেস নির্বাচনের আগে বারবার তর্কবিতর্কে উঠে আসছে দুর্বল অর্থনীতি।
একারণেই ওবামা 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা নিয়ে বলেছেন, '২০১০ সালে এক নম্বর অগ্রাধিকার পাবে চাকরি।'
ওবামা কিছু ভুল করেছেন বলে স্বীকার করার পাশাপাশি তার ক্ষমতার একটি বছর খুব কঠিন সময় ছিল বলে উল্লেখ করেন। তবে ওবামা বলেন, তিনি চেষ্টা ছাড়বেন না।
মার্কিন কংগ্রেসকে তিনি বলেন, "আমরা আশা ছাড়ব না। আমরা লড়ব এবং জিতব। চলুন, সময়টাকে ব্যবহার করি নতুন কিছু শুরু করার জন্য। স্বপ্নটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের একতাকে আরও একবার শক্তিশালী করার জন্য।"
ওবামা ওয়াল স্ট্রিটের নতুন নীতিমালার ব্যর্থতা তুলে ধরে জানান, ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় রুখতে তিনি দেশজুড়ে কাজ করে যাবেন। শুধু তাই নয়, বাজেটের শৃঙ্খলা রক্ষা করতে তিনি তার বিশেষ ক্ষমতা ভেটোকেও কাজে লাগাবেন বলে জানান।
ম্যাসাচুয়েটসে রিপাবলিকানের কাছে গুরুত্বপূর্ণ সিনেট আসন হারানোর পরও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট বারাক ওবামা যথেষ্টই সপ্রতিভ। রিপাবলিকান বিরোধিতার মুখেও তিনি স্বাস্থ্যসেবা সংস্কার প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান এবং রিপাবলিকানদের সঙ্গে ঐক্যবদ্ধভাবেই জলবায়ু পরিবর্তন রোধের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তবে সব কিছুকে পেছনে রেখে ওবামা ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করা এবং বেকারত্বের হার কমিয়ে আনাকেই সর্বোচ্চ অগ্রধিকারভিত্তিক কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন।
তিনি বলেন, "জনগণ কাজ পাচ্ছে না। তারা কষ্টে আছে। তাদের এখন আমাদের সাহায্য দরকার। তাই অনতিবিলম্বে আমার টেবিলে চাকরি বিল চাই আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫১৭ ঘ.
bdnews24