২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের কবরের কাছে সমাহিত কেমিক্যাল আলী

ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরের কাছে মঙ্গলবার সমাহিত করা হয়েছে তার চাচাতো ভাই আলী হাসান আল মজিদ ওরফে 'কেমিক্যাল আলী'কে। এক আদিবাসী নেতা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:31 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

তিকরিত, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরের কাছে মঙ্গলবার সমাহিত করা হয়েছে তার চাচাতো ভাই আলী হাসান আল মজিদ ওরফে 'কেমিক্যাল আলী'কে। এক আদিবাসী নেতা একথা জানিয়েছেন। বিষাক্ত গ্যাস দিয়ে হাজার হাজার কুর্দি হত্যার দায়ে মানবতার বিরুদ্ধে অপরাধের সাজা হিসাবে সোমবার কেমিক্যাল আলীর ফাঁসি কার্যকর করে ইরাক। এর পরদিনই রাতে সাদ্দামের নিজ শহর তিকরিতে পুলিশের হাতে তার লাশ হস্তান্তর করা হয়। বিশিষ্ট আদিবাসী নেতা মুনাফ আলী আল নেদা বুধবার একথা জানান। সাদ্দাম ও তার দুই ছেলে উদে ও কুসের কবরের কাছেই কেমিক্যাল আলীকে কবর দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেমিক্যাল আলীকে সমাহিত করার সময় সেখানে তার কয়েকজন আত্মীয়স্বজন উপস্থিত ছিল বলেও জানান নেদা। তিনি বলেন, সাদ্দাম যে ভবনে শায়িত তার বাইরে উদে ও কুসের কবর বরাবর কেমিক্যাল আলীকে সমাহিত করা হয়েছে এবং কবরটি সাদ্দাম যুগের ইরাকি পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ ঘ.