থাইল্যান্ড, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে বিলুপ্তির মুখে থাকা বাঘ বাঁচানোর দাবিতে মিছিল করেছে ছাত্র-ছাত্রীরা। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) থাইল্যান্ডে বাঘ সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর জনসচেতনতা বাড়াতে এ মিছিল আয়োজন করা হয়।
ডব্লিউডব্লিউএফ তাদের নতুন প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ইন্দোচীনা বাঘগুলো বিলুপ্তির দ্বারপ্রান্তে ।
চীনে ওষুধ তৈরির জন্য বাঘের দেহাংশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অবৈধভাবে বাঘ হত্যা করা হচ্ছে। বাঘের অভয়ারণ্য ধ্বংসের কারণেও এদের সংখ্যা কমে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোতে দেদারসে অবৈধ বণ্যপ্রাণী ব্যবসা চলে। আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের হিসাবমতে, এ ব্যবসা থেকে আয় বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24