কাবুল, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহের কাবুল হামলা পরিকল্পনায় সহায়তাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ওই হামলায় পাঁচ জন নিহত হয়।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগ (এনডিএস) এক বিবৃতিতে জানায়, তারা কামালুদ্দিন নামের একজনকে গেপ্তার করেছে। কামালুদ্দিন জানান, পাকিস্তানের এক তালেবান কমান্ডার তাকে নিয়োগ করেছেন। ওই কমান্ডার তালেবানদের অন্যতম নেতা সিরাজুদ্দিন হাক্কানির হয়ে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, হাক্কানির বাহিনী আফগানিস্তানে বহু আত্মঘাতী হামলা চালিয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে।
গত ১৮ জানুয়ারির ওই হামলায় ২ পুলিশসহ এক এনডিএস কর্মকর্তা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়।
এনডিএস জানায়, কামালুদ্দিন পূর্বাঞ্চলের নাঙ্গরহার প্রদেশে ছিলেন। কিন্তু হামলার আগে আগে কাবুলের একটি বাড়িতে ওঠেন। ওই বাড়ি থেকে হাত গ্রেনেডসহ বিস্ফোরকও পাওয়া গেছে।
এনডিএস আরও জানায়, গত কয়েক মাসে কাবুলে সিরিজ হামলায় জড়িত থাকার অভিযোগে তারা বেশ কয়েকজন জঙ্গিকেও গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০১১ ঘ.
bdnews24