বাগদাদ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সোমবারের গাড়িবোমা হামলার পর মঙ্গলবার বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। এদের বেশিরভাগই পুলিশ বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
পরপর দুটো হামলার পর ইরাকের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাগদাদের পুলিশ স্টেশনের পাশে অবস্থিত মন্ত্রণালয়ের ফরেনসিক অফিসের বাইরে এক গাড়িচালক গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
বাগদাদের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল কাশিম আল-মুাসিভর মুখপাত্র মঙ্গলবারের হামলায় ৯ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রও একই হিসাব দিয়েছেন।
এর আগের দিন বাগদাদের তিনটি হোটেলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়।
আগামী ৭ মার্চে অনুষ্ঠেয় নির্বাচনের আগে পরপর এ ধরনের হামলা দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসীন হতে আগ্রহী প্রধান মন্ত্রী নূরী আল-মালিকি এবং অন্যান্য রাজনীতিককে আশাহত করেছে। যারা খুব অল্প সময়ের মধ্যে ইরাকে সহিংসতা নাটকীয়ভাবে কমিয়ে আনার কৃতিত্বের দাবিদার হতে চাইছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24