কলোম্বো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। গতবছর মে মাসে তামিল টাইগারদের সঙ্গে ২৫ বছর ধরে চলে আসা গৃহযুদ্ধ শেষ হওয়ার পর মঙ্গলবার প্রথমবারে মতো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে।
বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সম্পর্কে কিছু তথ্য:
* ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সর্বকনিষ্ঠ সংসদ হিসেবে সংসদে যোগ দেন। দক্ষিণ শ্রীলঙ্কার হামবানতোতা জেলার এই আইনজীবীর অপর তিন ভাই তার প্রশাসনে বিভিন্ন পদে নিয়োজিত আছেন। এজন্য তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও আছে।
* ২০০৫ সালে তিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তামিল টাইগারদের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি চুক্তির ক্ষীণ সম্ভাবনার মধ্যে তিনি প্রেসিডেন্ট হন। কিন্তু শান্তি আলোচনা কোনও ফল বয়ে না আনায় ২০০৬ সালে রাজাপাকসে তার সাবেক সেনা কর্মকর্তা গতাবায়া রাজাপাকসেকে তামিল টাইগারদের পরাজিত করার পরিকল্পনা নেওয়ার দায়িত্ব দেন।
* রাজাপাকসে সংখ্যাগরিষ্ঠ সিংহলী গোত্রের একজন হওয়ায় এই জনগোষ্ঠীর মধ্যে তার বিপুল সমর্থক রয়েছে। অবশ্য যুদ্ধ বন্ধের পর প্রধান খাদ্যদ্রব্যগুলোর দাম বেড়ে যাওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। তবে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য তার সমর্থকরা তার প্রশংসা করেন।
* ১৯৮৭ থেকে ১৯৯০ সালে শ্রীলংকায় মার্ক্সবাদী বিদ্্েরাহ দমনের সময় রাজাপাকসে মানবাধিকার রক্ষায় সুনাম অর্জন করেন। তবে তামিল টাইগার দমনের সময় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হলে তার এই সুনামে বেশ বড় আঘাত আসে। আন্তর্জাতিক চাপ থাকা স্বত্ত্বেও তিনি যুদ্ধের শেষদিকে যুদ্ধবিরতি ঘোষণা করেন যাতে সেনাবাহিনী টাইগারদের কোনঠাসা করে ফেলার সুযোগ পায়।
* তিনি বাকস্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র"তি দিলেও তার আমলে শ্রীলঙ্কায় কমপক্ষে একজন সাংবাদিক খুন হন, বেশ কয়েকজন সাংবাদিক মার খান এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক ও প্রতিবেদক শ্রীলঙ্কাকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ বলেছেন।
* শ্রীলঙ্কাকে আরো বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব করে তুলতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দের সঙ্গে একযোগে কাজ করছেন রাজাপাকসে। যুদ্ধ পরবর্তী অবস্থায় পর্যটন, বাণিজ্য অবকাঠামোগত উন্নয়নে পুঁজি আহরণে বেশ উদ্যোগী হয়েছেন তারা যার মূল বিনিয়োগকারী ভারত ও চীন। এই দেশ দুইটি শ্রীলঙ্কায় শক্তি উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করছে। এছাড়া চীন তিনশ' কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে হামবানতোতা বন্দর তৈরি করে দিচ্ছে যা পৃথিবীর ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে একটি।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24