পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পরও দুর্গতরা ঠিকমতো খাদ্য, পানীয় এবং চিকিৎসা পাচ্ছে না। এমন বিরূপ সমালোচনার পর রোববার থেকে আন্তর্জাতিক ত্রাণ কর্মীরা হাইতিতে ত্রাণ কার্যে গতি আনার চেষ্টা করে যাচ্ছেন।
নোংরা পরিবেশের অভিযোগ করে ক্যাম্পে থাকা প্রায় ৩ শ' মানুষ শনিবার রাজধানীতে প্রতিবাদ করে।
তারা জানায়, ক্যাম্পে তাদের পর্যাপ্ত সাহায্য দেওয়া হচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ত্রাণ অভিযানে বিপুল পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে দেশটিতে।
তবে সমালোচনার জবাবে যুক্তরাষ্ট্রের ত্রাণ এজেন্সির প্রধান রাজিব শাহ জানান, বৈরী পরিসি্েিথত তাদের প্রতিষ্ঠান যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বত্র ত্রাণ পৌঁছে দেওয়ার।
শাহ রয়টার্সকে বলেন, "যে পরিমাণ ধ্বংস সাধন হয়েছে এবং মানুষ যে পরিমাণ ক্ষতির শিকার হয়েছে তা অকল্পনীয়। চাহিদা অনুযায়ী আমরা ত্রাণ কাজ কোনোভাবেই চালাতে পারব না। তবে যত দ্রুত সম্ভব আমরা তা পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘমেয়াদে সাহায্য দেওয়ার জন্য এসেছি।"
হাইতি সরকার জানায়, গত ১২ জানুয়ারি রিখস্টার স্কেলের ৭ মাত্রার ভূমিকম্পে হাইতির প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায়। ৩০ লাখ মানুষ আহত কিংবা ঘর বাড়ি হারায় এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে বহু মানুষ।
যদিও জাতিসংঘ ঘোষণা দিয়েছিলো যে হাইতির সরকার উদ্ধার কাজ বন্ধ রেখেছে, কিন্তু গত শনিবারও আন্তর্জাতিক ত্রাণকর্মীরা পোর্ট অব প্রিন্সের ধ্বংসস্তূপে আটকা পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে।
চার ঘণ্টার অভিযানে হোটেল ন্যাপলি ইনের ধ্বংসাবশেষ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার করা ১৩০ জনের মধ্যে তিনিই এ পর্যন্ত সর্বশেষ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৪০২ ঘ.
bdnews24