২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোকার্ত হাইতির স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা

আটকেপড়া বেঁচে যাওয়াদের সন্ধানে সপ্তাহের বেশি পার করার পর নিহতদের জন্য আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে হাইতি। এর পাশাপাশি চেষ্টা চালাচ্ছে সঙ্কট নিয়েই স্বাভাবিক জীবন শুরু করার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আটকেপড়া বেঁচে যাওয়াদের সন্ধানে সপ্তাহের বেশি পার করার পর নিহতদের জন্য আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে হাইতি। এর পাশাপাশি চেষ্টা চালাচ্ছে সঙ্কট নিয়েই স্বাভাবিক জীবন শুরু করার। পোর্ট অব প্রিন্সের ক্যাথলিক আর্চবিশপ জোসেপ সার্গে মিওটসহ ভূমিকম্পে নিহত অন্যদের জন্য নটপ ডেম গির্জার ধ্বংসাবশেষের পাশে শনিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক লোক অংশ নেয়। ওদিকে, ১২ জানুয়ারির শক্তিশালী ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তুপে পরিণত রাজধানীর আশপাশের কিছু শহরের বড় বড় দোকান খুলেছে শুক্রবার। বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সিতেও ছিলো ভিড়। শনিবার এ চিত্র ছিল আরো ভাল। ইউনিট্রান্সফার অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে ব্যবসায়ী অ্যাসলিন ডেনিস বলেন, "কানাডা থেকে আত্মীয়র পাঠানো টাকা তুলতে চাই। তবে মনে হচ্ছে, তা সহজ হবে না। মাত্র পাঁচশ' মার্কিন ডলার, কিন্তু লাইনেও অনেক মানুষ দাঁড়িয়ে।" উপশহর পেশনভিলে বিগ স্টার মার্কেট নামের একটি সুপার মার্কেটে শুক্রবার নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে'র গিফট পর্যন্ত সবকিছুই বিক্রি হতে দেখা গেছে। তবে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে পণ্যের তেমন মজদু নেই। যা আছে তা দিয়ে বড়জোর দুই সপ্তাহ চলবে। ভূমিকম্পের পর থেকে হাইতিতে সারাবিশ্ব থেকে ত্রাণসামগ্রী আসছে। তবে এখনো ক্ষুধা-পিপাসা নিয়ে রাস্তায় বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে মানুষ। ভূমিকম্পে হাইতির প্রেসিডেন্টর সরকারি কার্যালয় ও বাসভবন ধসে পড়ে। একটি পুলিশ স্টেশনকে এখন প্রেসিডেন্ট প্রেভালের সরকারি দপ্তরে পরিণত করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টর ওই অস্থায়ী দপ্তরের সামনে কিছু লোক বিক্ষোভ করে। এ সময় তারা 'আমরা খাবার চাই, পানি চাই; প্রেসিডেন্ট প্রেভাল নিপাত যাক, ওবামা জিন্দাবাদ' বলে স্লোগান দেয়। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দেয়। সমস্যা কাটিয়ে উঠতে সময় লাগছে জানিয়ে প্রেসিডেন্ট প্রেভাল বলেন, "শত শত মানুষের কষ্ট লাঘবে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে যা কিছু সম্ভব করছি। এমন নয় যে আমরা বসে আছি। সমস্যা এতো বেশি যে তা সামলে উঠতে সময় লাগছে।" ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয় আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন হাইতিতে জাতিসংঘের ভারপ্রাপ্ত প্রধান এডমন্ড মুলেট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাইতি প্রতিনিধি হ্যারিয়েট শ্যামউলে জানান, ত্রাণ বিতরণে এখনো সমস্যা রয়েছে। অস্থায়ী শিবিরগুলোর কোনোটিতে মাত্র ১০ শতাংশ মানুষ খাবার পেয়েছে, আবার কোনো কোনোটির মানুষ প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/২১০৭ ঘ.