দামেস্ক, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত ভূখণ্ড ফেরত ছাড়া কোনো প্রলোভনেই ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না ফিলিস্তিনি সংগঠন হামাস। পরিবর্তে তারা ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে প্রতিরোধ গড়াকে প্রাধান্য দেবে।
শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক শোভাযাত্রায় দেওয়া ভাষণে হামাস নেতা খালেদ মেশাল বলেন, "হামাস দখলদারিত্ব মানে না এবং ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে না। বরং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিরোধ গড়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে।"
২০০৮ সালের ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় আগ্রাসন চালায় ইসরায়েল। প্রায় একমাস পরে ২২ জানুয়ারি আগ্রাসন বন্ধ করে ইসরায়েল। দিনটি স্মরণেই সিরিয়ায় ওই শোভাযাত্রার আয়োজন করা হয়।
ওই আগ্রাসনে নিহত প্রায় ১৪ শ' ফিলিস্তিনির বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।
ইসরায়েলের অভিযোগ, গাজা থেকে তাদের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের রকেট হামলা বন্ধে ওই অভিযান চালিয়েছিল তারা।
শোভাযাত্রায় খালেদ মেশাল জানান, হামাস ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধ চায় না। তবে ইসরায়েলের দখলকরা অঞ্চলকে মুক্ত করার এক পন্থা হিসেবে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে।
অবরোধ, চাপ, প্রলোভন, উন্মুক্ত দ্বার বা যোগাযোগের চ্যানেল কোনো কিছুই হামাসকে বোকা বানাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, "হামাস অধিকারের সঙ্গে আপোস করবে না এবং একমাত্র অধিকৃত জমি ফেরতের মাধ্যমেই হামাসকে সম্মত করানো যাবে।"
খালেদ মেশালের মতো হামাসের অনেক নেতা সিরিয়ায় নির্বাসিত জীবন যাপন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৬৩০ ঘ.
bdnews24