লন্ডন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসী হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।
লন্ডনে আফগানিস্তান ও ইয়েমেনের জঙ্গিবাদ মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে শুক্রবার সতর্কতার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
তবে 'জয়েন্ট টেরোরিজম অ্যানালাইসিস সেন্টার' (জেটিএসি) এর এ পদক্ষেপ সম্পর্কে কোনো কারণ দেখায়নি যুক্তরাজ্য।
২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলাচেষ্টার পর যুক্তরাজ্যসহ অনেক দেশই সাবধানতা অবলম্বনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সতর্কতার মাত্রা বাড়ানোর ফলে বিমানবন্দর এবং সরকারি ভবনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন এক বিবৃতিতে বলেন, "এর অর্থ হচ্ছে যে সরকার মনে করছে যে কোনো সময় সন্ত্রাসী হামলা আশঙ্কা রয়েছে। তবে সন্ত্রাসী হামলা হবে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই।"
তিনি বিবিসিকে বলেন, "সতর্কতার মাত্রা বাড়ানোর অর্থ হচ্ছে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছি। তবে ডেট্রয়েট বা অন্য কোনো ঘটনার সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে, এটা ভাবা ঠিক হবে না।"
তবে নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লিজ মনে করেন, আফগানিস্তান বিষয়ক সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দার তথ্যের সঙ্গে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কোনো সম্পৃক্ততা থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১২০০ ঘ.
bdnews24