কলম্বো, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলের প্রার্থী জেনারেল সারথ ফনসেকার অর্থদাতার বাড়িতে শুক্রবার বোমা বিস্ফোরণ হয়েছে।
হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অর্থদাতা তিরান এলেস।
বিত্তশালী ব্যবসায়ী এলেস ২০০৫ সালে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু এবার তিনি সমর্থন প্রত্যাহার করে ফনসেকার নির্বাচনী শিবিরে ভিড়েছেন।
এলেস রয়টার্সকে বলেন, "আমার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। কেউ একজন একটি বোমা ছুড়েছে। এতে আমার বাড়ির একটি অংশ পুড়ে গেছে এবং আমার গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।"
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। কিন্তু সন্দেহভাজন কাউকে পায়নি পুলিশ।
আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে শ্রীলংকায় ক্রমবর্ধমান সহিংসতায় এরই মধ্যে চার জন নিহত হয়েছে। নির্বাচনী দৌড়ে ফনসেকা যোগ দেওয়ায় প্রেসিডেন্ট রাজাপাকসের জনপ্রিয়তা কমে আসছে বলেই প্রতীয়মাণ হচ্ছে।
গত মে মাসে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র বিরুদ্ধে যুদ্ধে ফনসেকা শ্রীলঙ্কার সেনাবাহিনীর নেতৃত্ব দেন। এছাড়া, ফনসেকা তার নির্বাচনী প্রচারণায় রাজাপাকসেকে হারাতে মরিয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও জোট গড়তে সক্ষম হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬২৬ ঘ.
bdnews24