বোস্টন, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদিন তিন গ্রাম লবণ কম গ্রহণ করে আমেরিকার জনগণ প্রতিবছর স্ট্রোকের সংখ্যা ৬৬ হাজার, হার্ট অ্যাটাকের সংখ্যা ৯৯ হাজার এবং মৃত্যুর সংখ্যা ৯২ হাজার কমাতে পারে।
আর এতে প্রতিবছর স্বাস্থ্য খাতে ব্যয় কমতে পারে ২ হাজার ৪০০ কোটি ডলার।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. ক্রিস্টিন বিবিনস-ডোমিঙ্গো ও তার সহকর্মীরা গবেষণাটি করেন।
আমেরিকানরা ধূমপানের হার ৫০ শতাংশ কমালে যে লাভটা হবে কম লবণ গ্রহণের লাভটা তার সঙ্গে তুলনীয় বলে গবেষকরা বলছেন।
প্রতিবেদনে বলা হয়, এ ধরণের লক্ষ্য অর্জন অসম্ভব নয়।
গবেষণায় বলা হয়, প্রতিদিন যদি এক গ্রাম লবণ কম গ্রহণ করা যায় তাহলে স্ট্রোকের সংখ্যা ১১ হাজার কমে ২৩ হাজারে, হার্ট অ্যাটাকের সংখ্যা ১৮ হাজার কমে ৩৫ হাজারে এবং যে কোনো কারণে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার কমে ৩২ হাজারে আসতে পারে। আর এক্ষেত্রে নারীরাই লাভবান হবে বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়, এমনকি লবণ গ্রহণের হার কমাতে কেন্দ্রীয় সরকার কোনো কর্মসূচি হাতে নিলে সে কর্মসুচির ১ ডলার ব্যয়ের জন্য স্বাস্থ্য খাতে ৬-১২ ডলার ব্যয় কমে আসবে।
লবণ উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা বাড়ানোর জন্য দায়ী হলেও আমেরিকার জনগণ তা অতিরিক্ত ব্যবহার করে থাকে। প্রক্রিয়াজাতকৃত খাবার থেকেই ৭৫-৮০ শতাংশ লবণ গ্রহণ করে তারা।
পুরুষরা সাধারণত দৈনিক ১০.৪ গ্রাম লবণ গ্রহণ করে। আর নারীরা গ্রহণ করে গড়ে ৭.৩ গ্রাম। আর লবণ ব্যবহার দিনদিন বাড়ছে।
এদিকে বাল্টিমোরের জনস হপকিনস বিশ্বিবিদ্যালয়ের ড. লরেন্স অ্যাপল এবং চেরিল অ্যান্ডারসন এ গবেষণার বিষয়ে বলেন, এতে কিছু দুর্বলতা রয়েছে।
তারা বলেন, কম লবণ গ্রহণে কিভাবে শিশুরা লাভবান হতে পারে বা কীভাবে পাকস্থলির ক্যান্সার, কিডনি সমস্যা, হার্ট ফেইলিওর এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমতে পারে তা এ গবেষণায় বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24