২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ঠেকাতে পর্যটন ভিসা বন্ধ করবে ইয়েমেন

জঙ্গিদের প্রবেশ রুখতে ইয়েমেন বিমানবন্দরে বিদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করবে। বৃহস্পতিবার ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 11:19 AM

Updated : 24 Aug 2022, 06:17 PM

সানা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জঙ্গিদের প্রবেশ রুখতে ইয়েমেন বিমানবন্দরে বিদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করবে। বৃহস্পতিবার ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। আল কায়েদার বিরুদ্ধে লড়াই জোরদার করার প্রেক্ষিতে এ পদক্ষেপ নিচ্ছে ইয়েমেন। এতে করে বাধার মুখে পড়বে মূলত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পর্যটকরা। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৬ সেপ্টেম্বরের সংবাদপত্রে জানায়, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার যে চেষ্টা আমরা নিয়েছি তার আওতায় বিমানবন্দরে বিদেশিদের ভিসা দেওয়ার নিয়ম বাতিল করা হবে।" ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলা চেষ্টার দায়িত্ব ইয়েমেনি শাখার আল কায়েদা স্বীকার করায় এবং দেশটিতে ইসলামি জঙ্গিদের প্রভাব বাড়তে থাকায় গত সপ্তাহে সানা আল কায়দার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ব্রিটেন ইয়েমেন থেকে সরাসরি ফ্লাইট বাতিল করেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার সতর্ক করে বলেছেন, জঙ্গিরা পরিকল্পিত হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমানবন্দরে এন্ট্রি ভিসা বাতিলের ফলে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং জাপানের পর্যটকরা ঝামেলায় পড়বে। এখন থেকে তাদের আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হবে বলে জানান এক সরকারি কর্মকর্তা। সেপ্টেম্বর ২৬ পত্রিকাটি এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়,"এখন থেকে শুধু বিদেশে ইয়েমেনের দূতাবাসগুলো থেকে ভিসা দেওয়া হবে এবং তাও দেওয়া হবে ভ্রমণকারীর পরিচয় খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার পর।" তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মিশর, সিরিয়া, সুদান এবং জর্ডানের সঙ্গে ইয়েমেনের দ্বিপাক্ষিক চুক্তি থাকায় এসব দেশ থেকে আগত ভ্রমণকারীদের উপর নতুন এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১০ ঘ.