জেরুজালেম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই দেশের রাষ্ট্র নেতাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ, পরস্পরের প্রতি বাকআক্রমণও ঘটছে নিয়ত- এরই মধ্যে করমর্দন করলেন ইসরায়েল ও ইরানের দুই পর্যটনমন্ত্রী।
বুধবার স্পেনের মাদ্রিদে একটি পর্যটন মেলায় বিরল এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।
ওই মেলায় মধ্যপ্রাচ্যের বৈরী ভাবাপন্ন দুটি দেশই অংশ নিচ্ছে।
ইসরায়েলের পর্যটনমন্ত্রী স্টাস মেসেশনিকভের মুখপাত্র আমনন লিবারম্যান করমর্দনের এ তথ্যটি বার্তা সংস্থা রয়টার্সকে জানান।
মাদ্রিদ পর্যটন মেলায় স্পেনের রাজার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখোমুখি হন দুই দেশের মন্ত্রী।
লিবারম্যান বলেন, "ইসরায়েলের মন্ত্রী ইরানের মন্ত্রীকে বলেছেন, আমরা একই অঞ্চলের মানুষ এবং পর্যটন শিল্পটি দুই দেশের মধ্যে সংলাপ ও আরো সমঝোতার সেতু হিসেবে কাজ করতে পারে।"
তবে ইরানের মন্ত্রী হামিদ বাকি এ বিষয়ে কোনো কথা বলেননি বলে ইসরায়েলি কর্মকর্তা জানান।
ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংসে বিভিন্ন সময় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যেমন আহ্বান জানিয়ে আসছেন। তেমনি পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বলে আসছে তেল আবিব।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই।
উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলি দলের সদস্য মেসেশকিনভ ইরানের মন্ত্রী হামিদ বাকিকে বলেন, "ইসরায়েলের জনগণ ইরানের জনগণকে বন্ধু হিসেবেই বিবেচনা করে। কিন্তু ইরানের উচিত ইসরায়েলের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা।"
লিবারম্যান জানান, মেলায় অংশ নেওয়া ইরানের বুথের দায়িত্বরত ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের পর্যটনমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণও জানান।
"আমাদের মন্ত্রী বলেছেন, ইসরায়েলের নাগরিকরা ইরান সফরে যাবে- আশা করছি, খুব শিগগিরই এমন দিন আসবে। তবে এর জন্য ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন", বলেন লিবারম্যান।
তবে ইরানের ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৩০ ঘ.
bdnews24