২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা যুদ্ধজাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে আক্রান্ত হলে উপসাগরে পশ্চিমা যুদ্ধজাহাজগুলোতে আঘাত হানবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 12:47 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

তেহরান, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে আক্রান্ত হলে উপসাগরে পশ্চিমা যুদ্ধজাহাজগুলোতে আঘাত হানবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। তেহরানে উপসাগর পরিস্থিতি নিয়ে ডাকা একটি সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, উপসাগরে এখন ৯০ টিরও বেশি যুদ্ধজাহাজ আছে। তিনি বলেন, এসব জাহজের মধ্যে আছে সাবমেরিন, বিমানবাহী জাহাজ এবং ডেস্ট্রয়ার। এ জাহাজগুলো সেখানে সামরিক আবহ তৈরি করেছে বলে ভাহিদি অভিযোগ করেন। প্রশ্ন তুলে তিনি বলেন, এত জাহাজ মোতায়েনের আসল কারণ কি? উদ্দেশ্যই বা কি ?........এগুলো কি ইরানের বিরুদ্ধে বিন্যস্ত করা হয়েছে? আমেরিকা ইরানে সম্ভাব্য হামলার পরস্পরবিরোধী মন্তব্য করছে বলে ভাহিদি উল্লেখ করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ভাহিদির উদ্ধৃতি দিয়ে একথা বলেছে। গত মাসে ভাহিদি ইরানের পরমাণু স্থাপনা আক্রান্ত হলে ইসরায়েলের অস্ত্র কারখানাগুলোতেও হামলা করার হুমকি দেন। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধে ইরান এর আগেও হামলার এ ধরনের হুমকি দিয়ে এসেছে। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানোর কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে সামরিক ব্যবস্থার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৫ ঘ.