মোগাদিসু, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেকর্ড মুক্তিপণ আদায় করে সোমবার ২০ লাখ ব্যারেল তেল বহনকারী গ্রিক-পতাকাবাহী একটি ট্যাংকার মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তহবিলের দখল নিয়ে জলদস্যুদের দুই পতিপক্ষ দলের সংঘর্ষে চার জলদস্যু নিহত হয়েছে।
রোববার হেলিকপ্টার থেকে তেলবাহী জাহাজটির ডেকে মুক্তিপণের প্রায় ৫৫ লাখ ডলার থেকে ৭০ লাখ ডলার ফেলার একদিন পর জাহাজটিকে মুক্তি দেওয়া হয়।
গত ২৯ নভেম্বর 'মারান সেন্তোরাস' নামের ওই জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। এতে ১৬ জন ফিলিপিনো, ৯ জন গ্রিক, দুজন ইউক্রেনিয়ান এবং একজন রোমানিয়ান নাবিক ছিল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
জলদস্যু হাসান টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা মতানৈক্য দূর করতে রাজি হয়েছি এবং জাহাজটিকে ছেড়ে দিয়েছি। এখন জাহাজটি মুক্ত।"
আরেক জলদস্যু এবং আঞ্চলিক এক সমুদ্র বিষয়ক কর্মকর্তা জানান, জাহাজের সব নাবিকই নিরাপদে আছে।
জাহাজটি ভারত মহাসাগরের সিসিলি দ্বীপপুঞ্জের কাছ থেকে ছিনতাই হয়েছিল।
নাইরোবি ভিত্তিক জাহাজ পর্যবেক্ষণকারী গ্র"প ইকোটেরা জানায়, তীরে ফেরার আগে প্রতিপক্ষের গুলিতে দুই জলদস্যু নিহত হয়েছে।
তারা জানায়, "মুক্তিপণের এ রেকর্ড অর্থ কড়া পাহারায় হারাধীরির এক বাড়িতে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।"
ওদিকে, সোমবার সন্ধ্যায় অর্থের ভাগ না পাওয়ায় অন্য এক প্রতিপক্ষ দলের আক্রমণে ৪ জলদস্যু নিহত এবং তিনজন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৮ঘ.
bdnews24