জেনেভা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইচ১এন১ ফ্লু মহামারীর প্রকোপ কমে আসতে শুরু করলেও তৃতীয় দফায় এ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার একথা জানিয়েছে।
সংগঠনের নির্বাহী বোর্ডের সাপ্তাহিক বৈঠকের শুরুতে ডব্লিউএইচও'র শীর্ষ ফ্লু বিশেষজ্ঞ কিজি ফুকুদা বলেন, "আরও অনেক দেশে সোয়াই ফ্লু মহামারী ছড়ালেও সার্বিকভাবে এ রোগের সংক্রমণ কমছে।"
তাছাড়া, শীতের শেষদিকে বা বসন্তের শুরুতে উত্তর গোলার্ধে নতুন করে ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। এ সংক্রমণ কেমন হবে তা জানা নেই বলে উল্লেখ করেন তিনি।
এইচ১এন১ ভাইরাসটি বিশ্ব্জুড়ে সোয়াইন ফ্লু নামেই বেশি পরিচিত। গত বছর এপ্রিলে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব হয় এবং গত ৪০ বছরের মধ্যে প্রথম ইনফ্লুয়েঞ্জা মহামারী এটি।
প্রাথমিকভাবে বিশ্বজুড়ে এ ভাইরাসের টিকা এবং ওষুধ নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। তবে ভাইরাসটি প্রথমে যেমটি ভাবা হয়েছিল ততটা প্রাণঘাতী না হওয়ায় অনেক দেশ টিকা কেনার অর্ডার ফিরিয়ে নেয়।
ডব্লিউএইচও'র মহাপরিচালক মার্গারেট চ্যান বৈঠকে জানান, মাহমারীতে আক্রান্তের সংখ্যা মাধ্যম হলেও তা ১৯৫৭ ও ১৯৬৭ সালের মহামারীর কাছাকাছি। তবে এটি ১৯১৮ সালের মহামারীর চেয়ে কম ভয়াবহ।
তিনি জানান, এইচ১এন১ ফ্লুতে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ১৪ হাজার মানুষ মারা গেছে।
আর ১৯১৮ সালের মহামারীটি 'স্প্যানিস ফ্লু' নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি ছড়িয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন লোক মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৯ ঘ.
bdnews24