মার্কিন সামরিক বিমান থেকে, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গতবছরের মুম্বাই হামলার পর ভারতের সংযম এবং রাষ্ট্রপরিচালনায় দক্ষতার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
ওই হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান কিভাবে উত্তেজনা 'সহনশীল মাত্রায়' রেখেছে সেটিও উল্লেখ করেন তিনি।
ভারতে সফরে যাওয়ার পথে বিমানে গেটস সাংবাদিকদের একথা বলেন।
১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভারত সফরে থাকছেন গেটস। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
সফর শুরুর মূহূর্তে সাংবাদিকদের গেটস বলেন, "মুম্বাইয়ে বোমা হামলা সত্যিই ছিল একটি ভয়াবহ ব্যাপার। আমরা বিশ্বাস, এরপর থেকে ভারত অনেক বেশি সংযম বজায় রেখেই সাড়া দিয়েছে এবং
দক্ষ রাষ্ট্রপরিচালকের মতো আচরণ করেছে।"
"সেখানে আর কোনো হামলা না হয় আমাদের প্রত্যাশা সেটিই। তবে আমি মনে করি, ওই হামলার প্রেক্ষাপট এবং এতে যে সন্দেহের যে বেড়াজাল তৈরি হয়েছে তা দুপক্ষই সহনীয় মাত্রায় রেখে একে অপরের মধ্যকার উত্তেজনা সামাল দিয়েছে।"
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে পারলে যুক্তরাষ্ট্র খুশিই হবে। যদি সে অনুরোধ যুক্তরাষ্ট্র পায়।
তবে তিনি বলেন, " এটি পরিস্কার যে, ভারত-পাকিস্তান উভয়ই তাদের সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চায়। অন্য কারও হস্তক্ষেপ চায় না।"
হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারত শান্তি আলোচনা বন্ধ করে দেওয়র পর থেকেই দু দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে অভিযোগ করে আলোচনা বন্ধ করে দেয় ভারত।
গত মাসে গেটস মার্কিন সিনেটে জানান, পাকিস্তানকে আরও অস্থিতিশীল করতে ভারত ও পাকিস্তানের মধ্যে আল কায়েদা দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। তিনি আরও জানান, ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানি জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবাকে তথ্য দিয়েও সহায়তা করছে আল কায়েদা।
২০০৮ সালের নভেম্বরের মুম্বাই হামলাকারী হিসেবে লস্করকে দায়ী করা হয়ে থাকে।
ওই হামলায় অভিযুক্তদের শাস্তি দিতে পাকিস্তানের অনীহা রয়েছে বলেও ভারত দাবি করেছে। হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24