কাবুল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্ত্রিসভা নিয়ে দ্বিতীয় দফা পার্লামেন্টে প্রত্যাখ্যানের মুখে আছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
কারজাই মন্ত্রিসভার জন্য ২৪ জনের নাম প্রস্তাব করলে ১৭ জনকেই গত সপ্তাহে প্রত্যাখ্যান করে পার্লামেন্ট। এরপর নতুন করে ১৭ জনের নাম প্রস্তাব করেছেন তিনি।
শনিবার নতুন মন্ত্রীদের তালিকা পার্লামেন্টে তোলার পর রোববার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা।
পার্লামেন্টের এক সদস্য জানিয়েছেন, কারজাইয়ের দ্বিতীয় প্রস্তাবের পরিণতিও প্রথমবারের মতো হতে যাচ্ছে।
সে ক্ষেত্রে ২৮ জানুয়ারি লন্ডনে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে কোনো সরকার ছাড়াই অংশ নেওয়ার ঝুঁকিতে পড়বেন কারজাই। এদিকে মন্ত্রিসভায় সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য কারজাইয়ের ওপর পশ্চিমা মিত্রদের চাপও বাড়ছে।
পার্লামেন্টে গজনি প্রদেশের প্রতিনিধি দাউদ সুলতানজয় শুক্রবার রয়টার্সকে বলেন, "আমি এ মুহূর্তে কমপক্ষে ২৫ জন এমপি'র সঙ্গে বসে আছি এবং আমরা মন্ত্রিসভা নিয়েই আলোচনা করছি। আমাদের ধারণা নতুন তালিকার পাঁচ অথবা ছয়জন নির্বাচিত হতে পারে। হয়তো তাও হবে না।"
তিনি বলেন, "আগামীকালের ফলাফলের মাধ্যমে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে না। এর মানে দাঁড়ায় প্রেসিডেন্টকে অন্য একটি তালিকা পাঠাতে হতে পারে।"
দাউদ জানান, রাজনৈতিক স্বার্থ হাসিল এবং গোষ্ঠী স্বার্থের বিবেচনায় কারজাই মন্ত্রী মনোনয়ন দিচ্ছেন, যা পার্লামেন্ট সদস্যদের সন্তুষ্ট করতে পারছে না।
চলমান সহিংসতা এবং জঙ্গি হামলার মধ্যে প্রেসিডেন্ট কারজাইয়ের দ্বিতীয় তালিকাও বাতিল হয়ে গেলে আফগানিস্তানের রাজনীতিতে নতুন একটি টানাপোড়নের সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩২৬ ঘ.
bdnews24