কুয়ালালামপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে অপরাধী ও সন্ত্রাসী দলগুলো বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছে বলে ভ্রমণকারীদের সতর্ক করে দিয়েছে মালয়েশিয়ার মার্কিন দূতাবাস।
শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ক একটি নোটিশ দেওয়ার পাশাপাশি বলা হয়, সাবাহর পূর্বাঞ্চলের দ্বীপগুলো সম্ভাব্য এ হামলার লক্ষ্য।
নোটিশে সেমপর্না, মাবুল ও সিপাদান দ্বীপসহ সাবার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে যে কোনও ধরনের ভ্রমণের ব্যাপারে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দূতাবাসের এক মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি জানান, শিগগিরই এ ব্যাপারে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সাবাহ দ্বীপটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছে অবস্থিত। আল কায়েদার সঙ্গে জড়িত আবু সায়াফ জঙ্গি দল অতীতে সাবাহ দ্বীপপুঞ্জে বেড়াতে আসা পর্যটকদের ওপর হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২৮ ঘ.
bdnews24