পেশোয়ার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর-দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তের যে লক্ষ্যবস্তুতে মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেখানে পাকিস্তানের তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি হামলায় মারা গেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের কর্মকর্তারা একথা বলেছেন।
তারা জানান, আফগান সীমান্ত ষেঁষা উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে চালানো ওই হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমাদের কাছে তথ্য ছিল তিনি এর আশেপাশেই ছিলেন। তিনি মারা গেছেন কিনা আমরা তা খতিয়ে দেখছি।"
অন্য আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেন,"তিনি হামলার লক্ষ্য ছিলেন। সম্ভবত তিনি মারা গেছেন।"
তবে পাকিস্তানি তালেবানদের এক মুখপাত্র ডন টেলিভিশনকে জানান, হাকিমুল্লাহ নিরাপদ আছেন এবং তিনি হামলার মিনিট কয়েক আগেই স্থান ত্যাগ করেন।
পাঁচ মাস আগে এ রকম একটি ড্রোন হামলায় পাকিস্তানের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হলে তার স্থলাভিষিক্ত হন হাকিমুল্লাহ।
৩০ ডিসেম্বর পাক সীমান্ত অতিক্রম করে এক আত্মঘাতী জঙ্গি দক্ষিণ আফগানিস্তানে হামলা চালিয়ে ৭ সিআইএ কর্মীকে হত্যা করার পর থেকেই ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহে প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা গেছে, হাকিমুল্লাহর পাশে বসে আছে আফগানিস্তানের সিআইএ দপ্তরে হামলা চালানো জর্দানের ডাবল এজেন্ট হুমাম খলিল আবু মুলাল আল-বালাবি।
সিআইএর ইতিহাসে ওটাই ছিল দ্বিতীয় বৃহত্তম হামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫১ঘ.
bdnews24