২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গতবছরই বেসামরিক মানুষ নিহতের সংখ্যা সর্বোচ্চ

আফগানিস্তানে ২০০৯ সালেই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

কাবুল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ২০০৯ সালেই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। যুদ্ধের আট বছরের মধ্যে ২০০৯ সালেই পশ্চিমা কিংবা নিরাপত্তা বাহিনীর হামলার চেয়ে জঙ্গি হামলায় বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের আফগান মিশনের মানবাধিকার বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর সব মিলিয়ে ২ হাজার ৪ শ'র বেশি আফগান নিহত হয়েছে। যা আগের চেয়ে ১৪ শতাংশ বেশি। পশ্চিমা ও আফগান বাহিনী ২০০৯ সালের মাঝামাঝিতে তাদের অভিযানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা কমানোর ওপর জোর দেয়। এ কারণে পশ্চিমা ও আফগান সেনাবাহিনীর অভিযানে গতবছর ২০০৮ সালের চেয়ে বেসামরিক আফগান নিহতের সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। কিন্তু জঙ্গি হামলায় এ সংখ্যা বেড়ে যায় ৪০ শতাংশ। প্রতিবেদনে এমনটিই দেখা গেছে। সবমিলিয়ে ২০০৯ সালে নিহত বেসামরিক আফগানদের দুই-তৃতীয়াংশই জঙ্গি হামলায়, আর এক চতুর্থাংশ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা বা আফগান সেনাদের অভিযানে নিহত হয়েছে। তবে বাকি ৮ শতাংশকে কোনো বিভাগেই ফেলা যায়নি। জাতিসংঘ প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পশ্চিমাবাহিনীর অভিযানে নিহতের ৬০ শতাংশই বিমান হামলায় মারা গেছে। তাছাড়া প্রতিবেদনে বেসামরিক এলাকায় সামরিক ঘাঁটি স্থাপনেরও নিন্দা জানানো হয়েছে। আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল তাই 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স' (ইসাফ)কে যেসব স্থানে বেসামরিক আফগান হতাহত হতে পারে সেখানে বিমান হামলার মতো হামলাগুলো চালানোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৭ ঘ.