২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগুনতি নিহত, আটকে আছে বহু

ভয়াবহ ভূমিকম্পে ঠিক কতজন নিহত হয়েছে তা এখনো নির্ণয় করতে পারেনি হাইতি। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা লাখ ছাড়াবে। (ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 07:11 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়াবহ ভূমিকম্পে ঠিক কতজন নিহত হয়েছে তা এখনো নির্ণয় করতে পারেনি হাইতি। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা লাখ ছাড়াবে। রাজধানী পোর্ট অব প্রিন্সে বিধ্বস্ত ভবনের নিচে আটকে আছে অনেকে; বেঁচে যাওয়ারা অশ্র" নয়নেই ইট-কাঠ সরিয়ে খুঁজে ফিরছেন স্বজনদের। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে নিহতের সংখ্যা লক্ষাধিক বলা হলেও হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল স্বীকার করেছেন সংখ্যাটি কত না তিনি নিজেও নিশ্চিত নন। তিনি সাংবাদিকদের বলেন, "আমি সঠিক (মৃতের সংখ্যা) জানি না, তবে এখন পর্যন্ত ৩০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত হতে পারে বলে শুনেছি।" তবে এ পরিসংখ্যানের উৎস সম্পর্কে তিনি কিছু জানাননি। মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় গুঁড়িয়ে যায় পোর্ট অব প্রিন্স। স্কুল, বাড়ি, হাসপাতাল এমনকি প্রেসিডেন্টের প্রাসাদের একটি অংশও ধসে পড়ে। পাহাড়ি শহর পোর্ট অব প্রিন্সের রাস্তায় এক যুবক বলছিলেন, "এখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমাদের আন্তর্জাতিক সাহায্য দরকার। এখানে কোনো জরুরি সাহায্য নেই, খাবার নেই, পানি নেই, যোগাযোগের ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই।" হাইতির স্থানীয় রেডক্রস সাধারণত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা আর দারিদ্র্যের মধ্যে কাজ করে অভ্যস্ত। তারাও এই ধ্বংসলীলার ধাক্কায় কিংকর্তব্যবিমূঢ়। এত বড় দুর্যোগে উদ্ধার কাজ চালানোর মতো ভারী যন্ত্রপাতি ও চিকিৎসা চালানোর মতো দক্ষ জনবলও নেই ১ কোটি লোক অধ্যুষিত ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশ হাইতির। হাইতি রেডক্রসের মুখপাত্র পার্সিলাস জ্যঁ ব্যাপটিস্তা বলেন, "আমাদের ওষুধপত্র শেষ। আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, বডি ব্যাগ নেই।" জাতিসংঘের স্থানীয় কার্যালয় পাঁচতলা বাড়িটি পোর্ট অব প্রিন্সের সবচেয়ে মজবুত ভবন ছিলো বলে জানিয়েছে ইউএস জিওলজিকাল সার্ভে। সে ভবনটিও ধসে পড়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ১১ জন ব্রাজিলীয়সহ কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছে। জাতিসংঘ মিশনের প্রধান হেডি আন্নাবিও এর মধ্যে আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্রেভাল। ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী তাদের প্রাসাদে ছিলেন না। প্রাসাদের বেশির ভাগ অংশের ছাদ ধসে পড়েছে। প্রেভাল বলেন, ধসে পড়া পার্লামেন্ট ভবনের ধ্বংসস্তূপের ওপর হাঁটার সময় এর নিচে আটকে পড়াদের আর্তনাদ শুনতে পেয়েছেন তিনি। এখানে সিনেটের সভাপতিও আটকা পড়ে আছেন। হাইতির ক্যাথেড্রাল ধসে পড়েছে এবং প্রধান ধর্মযাজকের কার্যালয়ে পোর্ট অব প্রিন্সের আর্চ বিশপ জোসেফ সার্জ মিও'র মৃতদেহ পাওয়া গেছে। হাইতির ব্যবসায়ী মানুয়েল ডি হচ জানান, পোর্ট অব প্রিন্সের বিখ্যাত হোটেল 'দি মন্টানা'র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে হোটেলটির মালিক। স্যালভেশন আর্মি'র পরিচালক বব পুফ বলেন, "আমার দেখা সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা এটি। এই ধ্বংসস্তূপ সরাতে কয়েক সপ্তাহ লাগতে পারে। "দ্বিতীয় দিনের মতো খাবার ও পানি ছাড়া বাইরে রাত কাটানোর পরে মানুষের মধ্যে হতাশার ছায়া আরো গাঢ় হচ্ছে।" বুধবার সন্ধ্যার পর অন্ধকার নেমে এলে পোর্ট অব প্রিন্সের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকায় মানুষ খোলা রাস্তায়, বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা ভাঙ্গা দেয়ালের পাশে আশ্রয় নেয়। এর মাঝে ভেসে আসতে থাকে গান, মনোবল অটুট রাখার উদ্দেশ্যে উচ্চস্বরে গাইছিলেন অনেকে। একজনকে দেখা যায়, আটকে পড়াদের উদ্ধারের জন্য বড় একটি হাতুড়ি দিয়ে একাই ভেঙ্গে চলেছেন কংক্রিটের খণ্ড। রাস্তার এখানে-ওখানে চাদর বা কম্বল দিয়ে মুড়ে রাখা মৃতদেহও চোখে পড়ে। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার সব ধরনের উপায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রাস্তাগুলো ধ্বংসাবশেষ দিয়ে আটকানো পোর্ট অব প্রিন্সে খাবার ও পানির সরবরাহও এখন খুবই সীমিত। প্রায় ৪০ লাখ মানুষের বাসস্থান পোর্ট অব প্রিন্স থেকে মাত্র ১০ মাইল (১৬ কিলোমিটার) দূরে ছিলো ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র। এছাড়া প্রায় এর পরাঘাতগুলোর মধ্যে ছিলো ৫ দশমিক ৯ মাত্রার কিছু কম্পন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাইতির দুর্গতদের সহায়তা ও উদ্ধার অভিযা দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন। পেন্টাগন সেখানে একটি বিমান ও তিনটি উভচর যান পাঠাচ্ছে যার একটিতে প্রায় ২ হাজার সেনা রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ফোনে বারাক ওবামাকে হাইতি পুনর্গঠনে দ্রুত জনবল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। ২০০৪ সাল থেকে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলো ভারী যন্ত্রপাতিসহ উদ্ধারকারী দল ও প্রাথমিক জরিপ দল পাঠাচ্ছে। অন্যান্য দেশগুলোও অস্থায়ী তাঁবু, পানি ও পানি পরিশোধন ইউনিট এবং টেলি যোগাযোগ পুনঃস্থাপনে দল পাঠাচ্ছে। মার্কিন যাত্রীবাহী বিমানগুলো তাদের ব্যবসায়িক ফ্লাইট বাতিল করে ত্রাণ পরিবহন কার্যক্রম শুরু করেছে। পোর্ট অব প্রিন্সের বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ার ধসে পড়েছে। তাই মার্কিন বিমান বাহিনীর একটি দল সেখানে ত্রাণ পরিবহন ও আহতদের সরিয়ে নিতে বিমান উড্ডয়ন ও অবতরণ নিয়ন্ত্রণ করছে। জাতিসংঘে হাইতির বিশেষ প্রতিনিধি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, "আমাদের আরো হেলিকপ্টার লাগবে। সবচেয়ে বেশি জরুরি হলো ধ্বংসাবশেষের ভেতরে আটকে থাকাদের মধ্যে যতো বেশি সম্ভব মানুষ জীবিত অবস্থায় উদ্ধার করা।" হাইতির তিনটি হাসপাতাল বাজেভাবে বিধ্বন্ত হওয়ার পরে অস্থায়ী কেন্দ্রে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। কানাডার চিকিৎসক দলের ব্যবস্থাপক পল ম্যাকফান বলেন, আমাদের কাছে মাথায় গুরুতর আঘাত, থেতলে যাওয়া অঙ্গপ্রতঙ্গ এবং অন্যান্য গুরুতর রোগী আছে যাদের এই সীমিত আয়োজনে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ইউনির্ভাসিটি অব মিয়ামি'র মেডিকেল স্কুল একটি বিমান ভর্তি করে একদল চিকিৎসক ও নার্স পাঠিয়েছে। বিশ্বব্যাংক অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার তহবিলের প্রস্তাব করেছে। জাতিসংঘ বলেছে, কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে অবিলম্বে ১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে এবং আরো তহবিল সংগ্রহের জন্য তারা আবেদন করবে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের কেন্দ্র মাটির উপরিতল থেকে খুব বেশি গভীরে না হওয়ায় এই বিপুল ধ্বংসের কারণ। মাত্র ৬ দশমিক ২ মাইল (১০ কিলোমিটার) নিচেই ছিলো এর কেন্দ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.