লন্ডন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে আফগানিস্তান ও এর প্রতিবেশীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক আয়োজন করবে তুরস্ক। মঙ্গলবার তুরস্ক একথা জানিয়েছে।
লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তান বিষয়ক এ আঞ্চলিক বৈঠক ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর একদিন আগে তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্টদের নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠানেরও ঘোষণা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
লন্ডনের বৈঠকটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। দুটো বৈঠকেই আফগানিস্তানের নিজের হাতে আরও বেশি নিরাপত্তার দায়- দায়িত্ব নেওয়ার বিষয়টি নির্ধারণের চেষ্টা চলবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে আলোচনার পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু বলেন,"এ প্রক্রিয়ায় আরও বেশি আফগানিকরণ হওয়া উচিত। এখানে আরও বেশি আঞ্চলিক কতৃত্ব এবং বৈশ্বিক প্রতিশ্র"তি থাকা উচিত।"
তিনি জানান, ২৫ জানুয়ারির ত্রিপাক্ষিক বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আরও বেশি সহযোগিতা তৈরির বিষয়টিকে উৎসাতি করা হবে।
তিনি বলেন,"এর পরের দিন ২৬ জানুয়ারি আমরা তুরস্কের আঞ্চলিক সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতির আঞ্চলিক কর্তৃত্ব নিশ্চিত করতে চাই।"
তবে তিনি জানাননি বৈঠকে কোন কোন দেশ অংশগ্রহণ করছে বা কত উচ্চ পদস্থরা ওখানে থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০০৩ ঘ.
bdnews24