সানা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে আল কায়দা শাখার নেতা নিহত হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বুধবার একথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, মঙ্গলবার সবওয়া প্রদেশের গভর্নর আল কায়েদা নেতা আব্দুল্লাহ আল মেহদারাদের বাড়ি চিহ্নিত করার পর নিরাপত্তা বাহিনী চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে। এ সময় দু'পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে মেহদারাদ নিহত হন।
একই প্রদেশে রাস্তার পাশে এক চোরাগোপ্তা হামলায় দুই সরকারি সেনা নিহত হয় বলেও জানায় সংস্থাটি।
এর আগে ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর ইয়েমেনে কেন্দ্রীয় সরকারের অনুগত আদিবাসী এবং নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানে কমপক্ষে ১৫ জন শিয়া বিদ্রোহী মারা গেছে।
সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় বৈষম্য কমিয়ে আনার জন্য বিদ্রোহীরা ২০০৪ সাল থেকে লড়াই চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী তেলসমৃদ্ধ সৌদি আরবের আশঙ্কা, দরিদ্র ইয়েমেনের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে আল কায়দা।
২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টার ঘটনায় ইয়েমেনের আল-কায়দা শাখার হাত থাকার তথ্য পাওয়া যাওয়ার পর দেশটি যুক্তরাষ্ট্রের নতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সামনের সারিতে চলে এসেছে। ইয়েমেন ইতোমধ্যেই বিভিন্ন প্রদেশে আল কায়দা-বিরোধী লড়াই শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৩৫ ঘ.
bdnews24