২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান আরও ইসলামপন্থি, মার্কিনবিরোধী হয়ে উঠতে পারে

পাকিস্তান আগামী দিনগুলোতে আরও বেশি ইসলামপন্থি এবং যুক্তরাষ্ট্র-বিরোধী রাষ্ট্র হয়ে উঠতে পারে। এতে করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 10:19 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

লন্ডন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান আগামী দিনগুলোতে আরও বেশি ইসলামপন্থি এবং যুক্তরাষ্ট্র-বিরোধী রাষ্ট্র হয়ে উঠতে পারে। এতে করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলবার লন্ডনের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'লেগাটাম ইনস্টিটিউট' এর প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এক থেকে তিন বছরের সময়সীমার নীরিখে পাকিস্তান পরিস্থিতির বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন। তবে এতে পাকিস্তানে তালেবানদের ক্ষমতা দখল এবং পারমাণবিক-অস্ত্রসমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে পাকিস্তানের প্রথম ব্যর্থ রাষ্ট্র হওয়ার সম্ভাবনা নাকচ করা হয়েছে। লেগাটাম ইনস্টিটিউটের এই প্রতিবেদন রচয়িতা জোনাথন প্যারিস বলেন,"জঙ্গিদের ক্ষমতা দখলের চেয়ে বরং পশ্চিমাপন্থি ধর্মনিরপেক্ষ নেতৃত্বের কাছ থেকে ইসলামপন্থি মার্কিন-বিরোধী কারও হাতে ক্ষমতা চলে যেতে পারে।" গত কয়েক মাসের গবেষণা লব্ধ প্রতিবেদনে প্যারিস বলেন,"তালেবানদের কাছে রাজনৈতিক এবং সেনা অভিজাতদের আত্মসমর্পণের জল্পনা নাটকীয়রকম বাড়াবাড়ি গোছের।" তারপরও তিনি বলেন, পাকিস্তান পশ্চিমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এমন একটি সময়ে এটি ঘটছে যখন আফগানিস্তানে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সমর্থন দরকার। তিনি বলেন,"পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সুবিধা বাড়ছে না। বরং কমছে। পাকিস্তানের সমাজ যুক্তরাষ্ট্রবিরোধিতা এবং শরীয়া আইনের দিকে ঝুঁকছে।" পাঞ্জাব প্রদেশে ইসলামপন্থি রাজনৈতিক দল ও জঙ্গি গ্রপগুলোর প্রভাব বৃদ্ধির সঙ্গে অর্থনীতির মন্থরগতি এবং দুর্নীতিগ্রস্ত আইনি ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণের ক্ষোভ পাকিস্তানকে ধীরে ধীরে বদলে দেবে। প্যারিস বলেন,"পাকিস্তানের সেনাবাহিনী আর জনসাধারণের জন্য তালেবানিকরণ কোনও বিপদ নয়, বিপদ বরং পাঞ্জাবের ইসলামপন্থি জঙ্গি ও তাদের মিত্রদের ইসলামিকরণ প্রচেষ্টা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫১৭ ঘ.