আবুজা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হৃদরোগ নিয়ে সাত সপ্তাহ আগে সৌদি আরবের এক হাসপাতালে ভর্তি হওয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু জার আদুয়া অবশেষে নীরবতা ভেঙ্গে জানিয়েছেন, তিনি সেরে উঠছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে ১৪ কোটি লোকের দেশ নাইজেরিয়াতে চলছিলো নানা জল্পনা। এর মধ্যে তার কোনো খবর না পেয়ে উৎকণ্ঠা দেখা দেয়।
ফলে ১২ বছর আগে সামরিক শাসন থেকে মুক্ত হওয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশটিতে ব্যবসা-বাণিজ্য মন্থর হওয়ার পাশাপাশি সমাজের সর্বস্তরেই ছড়িয়ে পড়ছিল রাজনৈতিক অনিশ্চয়তা।
এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য বক্তব্যের দাবিতে ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের মিছিলের কয়েক ঘণ্টা আগেই উমারু বিবিসিকে সাক্ষাতকার দিলেন।
তিনি টেলিফোন সাক্ষাতকারে বিবিসিকে বলেন, "এ মুহূর্তে আমি চিকিৎসাধীন এবং চিকিৎসার ফলে আমি আগের চেয়ে ভালো আছি। আশা করছি, খুব দ্রুত আমি বাড়ি ফিরতে পারব।"
৫৮ বছরের উমারু তার আরোগ্যের জন্য প্রার্থনা করায় উৎকণ্ঠিত দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন।
তবে অসুস্থার মধ্যেও ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে নাইজেরিয়া আইনজীবী সমিতি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24