মেক্সিকো সিটি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো সিটির উপকণ্ঠে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মেক্সিকোর এক ব্যবসায়ী ধনকুবের তার পরিবারের কমপক্ষে দুজন সদস্যসহ নিহত হয়েছেন। জরুরি বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
শহরের জরুরি সেবা বিভাগের প্রধান ইলিয়াস মোরেনো জানান, প্রভাবশালী ব্যবসায়ী ময়সেস সাবা মাসরি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সঙ্গে আরও নিহত হয়েছে হেলিকপ্টারের পাইলটসহ ৫ জন।
সাবা টেলিকম থেকে শুরু করে রিয়েল এস্টেট ব্যবসা পর্যন্ত বড় ধরনের প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন।
ফরম্যাটো ২১ রেডিওকে মরেনো বলেন," আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বাজে আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।"
মেক্সিকো শহরবাসীরা গত কয়েক দিন ধরেই ঘন কুয়াশা এবং ঠাণ্ডা আবহাওয়া দেখে আসছে।
রেডিওটি আরও জানায়, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেক্সিকো সিটি মেয়র মার্সেলো এবরাড।
মেক্সিকোর টেলিকম কোম্পানি ইউনিফানের অন্যতম মালিক এবং টিভি আজটেকের মালিক মাসরি সাবা ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশনের আনা প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24