২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর সীমান্তে নতুন বেষ্টনী নির্মাণ করবে ইসরায়েল

অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের ঠেকাতে মিশর-ইসরায়েল সীমান্তে নতুন বেষ্টনী নির্মাণ করবে ইসরায়েল। রোববার এ ধরণের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 08:36 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

জেরুজালেম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের ঠেকাতে মিশর-ইসরায়েল সীমান্তে নতুন বেষ্টনী নির্মাণ করবে ইসরায়েল। রোববার এ ধরণের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্ত দিয়ে যাতে কোনও সন্দেহভাজন অভিবাসী বা জঙ্গি অনুপ্রবেশ পর্যবেক্ষনের জন্য ওই বেষ্টনীতে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতিও বসানো হবে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, "অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীদের ইসরায়েলে প্রবেশ বন্ধ করতেই দেশের দক্ষিণ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসরায়েলের ইহুদি এবং গণতান্ত্রিক চরিত্র রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" গত কয়েক বছরে হাজার হাজার আফ্রিকানসহ অন্যান্য দেশের অভিবাসীরা উন্নত জীবনের আশায় কিংবা সংঘর্ষপ্রবণ এলাকা থেকে পালিয়ে বাঁচার জন্য মিশর অংশের সুরক্ষিত সীমান্ত প্রাচীর পাড়ি দিয়ে ইসরায়েলে ঢুকেছে। নেতানিয়াহু জানান, এখনও তারা সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আগত উদ্বাস্তুদের গ্রহণে রাজি থাকলেও হাজার হাজার উদ্বাস্তুর মধ্যে মিশে থাকা অবৈধ শ্রমিকদের গ্রহণ করতে পারবে না। ১৬৬ মাইল লম্বা এ সীমান্ত এলাকায় প্রাচীর নির্মাণে খরচ হবে প্রায় ১ বিলিয়ন সেকেল বা ১৬৮ মিলিয়ন পাউন্ড। সময় লাগবে মোট ২ বছর। তবে পুরো সীমান্ত এলাকাতে এই বেষ্টনী নির্মাণ করা হচ্ছে না। সীমান্ত চৌকিতে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানোর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকানো সহজ হবে বলে মনে করছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েলের সীমান্ত প্রাচীর নির্মাণ সম্পর্কে উত্তর সিনাইয়ের এক মিশরীয় নিরাপত্তা সূত্র জানায়, এ ব্যাপারে মিশরীয় কর্তৃপক্ষকে কিছুই জানায়নি ইসরায়েল। তবে এক মিশরের আরেক নিরাপত্তা সূত্র বলেছে, এটা ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপার। বেড়া যদি ইসরায়েলের মাটিতেই থাকে তবে মিশরের কিছুই করার নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুসাম জাকি জানান, এ ব্যাপারে মন্ত্রণালয় আগামী সোমবার একটি বিবৃতি দেবে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে কম তৎপর নয় মিশরের পুলিশও। গত মে থেকে এ পর্যন্ত ১৭ জন অনুপ্রবেশের চেষ্টাকারীকে তারা গুলি করে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৩১ঘ.