লন্ডন জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার দক্ষিণ এশিয়ার দোসরদের পশ্চিমা গোয়েন্দাগিরিতে ব্যাঘাত ঘটানোর নজিরবিহীন সক্ষমতা প্রমাণ করেছে আফগানিস্তানে আত্মঘাতী হামলাকারী হুমাম খলিল আবু মুলাল আল-বালাবির ৭ সিআইএ এজেন্ট হত্যার ঘটনা।
জর্ডানের দ্বৈত এজেন্ট বালাবির ৩০ ডিসেম্বরের ওই হামলা দেখিয়ে দিয়েছে জঙ্গিরা পশ্চিমা গোয়েন্দাদের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করার চাইতে তাদেরকে মারতেই বেশি আগ্রহী। আর এটি নিঃসন্দেহে পশ্চিমা গোয়েন্দাদের জন্য চ্যালেঞ্জ। যারা সবসময়ই আল কায়েদার উপরমহলের খবরাখবর পাওয়া চেষ্টায় আছে।
আফগানিস্তানে খোস্ত প্রদেশে ফরওয়ার্ড অপারেটিং বেজ চ্যাপম্যান ঘাঁটিতে ওই হামলায় সিআইএ'র ৭ এজেন্ট এবং জর্ডানের এক গোয়েন্দা কর্মকর্তাও নিহত হন।
বালাবি একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানি চিকিৎসক যাকে জর্ডানের গোয়েন্দা বাহিনী আল-কায়েদা সংক্রান্ত তথ্য সংগ্রহে তাদের এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল। কিন্তু বালাবি একইসঙ্গে আল কায়েদার পক্ষ থেকেও গোয়েন্দাগিরিতে লিপ্ত ছিলেন। অনলাইনে তিনি জঙ্গিদের জেমস বন্ড খ্যাত। খ্যাতনামা পশ্চিমাবিরোধী ভাষ্যকারদের ছদ্মনামে তিনিও লেখাও লিখতেন বলে জানা গেছে।
সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনাই প্রমাণ করেছে যে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আল কায়েদার সহমর্মী, অর্থ ও অন্যান্য সমর্থনদানকারীরা একইরকম আছে যেমনটি ওসামা বিন লাদেন গড়ে তুলেছিলেন। তাছাড়া স্থানীয় পার্টনারদের সঙ্গে যোগাযোগও আল কায়েদা শিমনের অন্যমত একটি দিক বলে উল্লেখ করেছেন নরওয়ের প্রফেসর ব্রাইঞ্জার লিয়া।
তিনি বলেন, স্থানীয় দলগুলোর সঙ্গে সমন্বয় না থাকলে আল কায়দা এত সুসংগঠিত হত না।
আল কায়েদার তথ্য জানানর জন্য এবং ওয়াশিংটনের গোয়েন্দাগিরির সুবিধার্থে জর্ডানের গোয়েন্দা সংস্থা বালাবিকে নিয়োগ করে। বালাবির সঙ্গে অতীতে জঙ্গিদের যোগসাজশ ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও জর্ডানের গোয়েন্দাদের ধারণা ছিল বালাবি মৌলবাদ থেকে সরে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, সিআইএ তাকে বিশ্বাসযোগ্য মনে করেছিল এবং তাকে দিয়ে আল কায়েদার উপরমহলের খবর পাওয়ার আশা করেছিল।
কিন্তু তার বিশ্বাসঘাতকতা প্রমাণ করেছে আল কায়েদা গোয়েন্দাগিরির খেলা খেলছে না। তারা যুদ্ধ করছে এবং তারা হত্যার খেলা খেলতে চায় বলেই মন্তব্য করেছেন এক পশ্চিমা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৬ ঘ.
bdnews24