লন্ডন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শুক্রবার রাতে উড্ডয়নের ঠিক আগে গ্রেপ্তার হওয়া দুবাইগামী একটি বিমানের তিন ব্রিটিশ যাত্রীর দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের নাম রবার্ট ফলেস (৫৮) এবং অ্যালেক্সান্ডার ম্যাকগিন (৪৮)।
পুলিশ জানায়, ৩৩১ জন যাত্রী নিয়ে বিমানটি দুবাই যাচ্ছিল। ছাড়ার আগে বোমা হামলার মৌখিক হুমকি দেওয়ার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে নামিয়ে আনা হয়।
ফলেসের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়ার এবং মদ্যপ অবস্থায় বিমানে ওঠার অভিযোগ আনা হয়েছে। ২য় জন অ্যালেক্সান্ডার ম্যাকগিনের বিরুদ্ধেও মদ্যপ থাকার অভিযোগ আনা হয়েছে। আর তৃতীয় জনকে মুক্তি দেওয়া হয়েছে।
তল্লাশিতে বিমানটির ক্ষতি হতে পারে এমন কিছু পাওয়া যায়নি। এতে ব্রিটেনের সবচেয়ে বড় এ বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলেও সমস্যা হয়নি।
সশস্ত্র পুলিশ অনুসন্ধানী কুকুর দিয়ে বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের নামিয়ে আনা হয়।
রাত্রীযাপনের জন্য তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং শনিবারের এক ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়।
গত মাসে যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটগামী একটি বিমানে বোমা হামলার ব্যর্থ চেষ্টার পর সারাবিশ্বের বিমানবন্দরগুলোয় কড়া সতর্কতা জারি করা হয়।
ব্রিটেনের হিথ্রোসহ অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে 'স্ক্যানার' দিয়ে শরীর তল্লাশির ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৯ ঘ.
bdnews24