২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভা অনুমোদনে নতুন তালিকা দিলেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মন্ত্রিসভা অনুমোদনে শনিবার পার্লামেন্টে ১৬ জনের নতুন একটি তালিকা জমা দিয়েছেন। কারজাই প্রথমে মন্ত্রীদের নামের যে তালিকা দিয়েছিলেন গত সপ্তাহে পার্লামেন্টে তার ১৭ জনের নাম প্রত্যাখ্যান হয়। তাদের পরিবর্তে-ই নতুন এ তালিকা দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

কাবুল, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মন্ত্রিসভা অনুমোদনে শনিবার পার্লামেন্টে ১৬ জনের নতুন একটি তালিকা জমা দিয়েছেন। কারজাই প্রথমে মন্ত্রীদের নামের যে তালিকা দিয়েছিলেন গত সপ্তাহে পার্লামেন্টে তার ১৭ জনের নাম প্রত্যাখ্যান হয়। তাদের পরিবর্তে-ই নতুন এ তালিকা দিলেন তিনি। তবে এর সব নামও অনুমোদন পাবে কি না তা নিয়ে সংশয়ে প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। নতুন তালিকায় যোগাযোগ এবং জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের প্রার্থীর নাম ফাঁকা রয়েছে। প্রথম তালিকার প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীসহ সাতজনের নাম অনুমোদিত হয়। বিবিসি জানিয়েছে, কারজাই আগামী ২৮ জানুয়ারি লন্ডনে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে ২৫ সদস্যের মন্ত্রিসভা চূড়ান্ত করতে চাইছেন। নতুন তালিকায় আফগানিস্তানের প্রভাবশালী সাবেক কোনো গেরিলা নেতা বা তাদের মিত্ররা নেই। এর মধ্যে বিদায়ী জ্বালানি ও পানি মন্ত্রী প্রভাবশালী সাবেক গেরিলা নেতা ইসমাইল খান উল্লেখযোগ্য। তালিকায় রেকর্ড তিনজন নারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কারজাইয়ের বিদয়ী মন্ত্রিসভা ও আগের তালিকার চেয়ে একজন বেশি। দৃশ্যত সাংসদদের কাছে নতি স্বীকার করেই কারজাই তার আগের তালিকার প্রত্যাখ্যাত ১৭ জনের কারোর নামই নতুন তালিকায় রাখেননি। নতুন তালিকার বেশিরভাগ নামই অল্প পরিচিত। আইনপ্রণেতারা জানিয়েছেন, তাদের বিষয়ে সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখা হবে। নতুনদের চার থেকে পাঁচ জনের নাম অনুমোদিত হতে পারে মন্তব্য করে সাংসদ সৈয়দ দাউদ হাশিমি রয়টার্সকে বলেন, "মনে হচ্ছে, কারজাই তাদের রাস্তা থেকে তুলে এনেছেন।" নতুন তালিকায় কারজাইয়ের নিরাপত্তা উপদেষ্টা জালমে রাসুলের নাম রয়েছে। পশ্চিমারা মনে করে, আফগানিস্তানের সরকারকে শক্তিশালী করার জন্য মন্ত্রিসভার উন্নয়ন ঘটানো হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, সরকার শক্তিশালী হলে একটা পর্যায়ে তারা সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করতে পারবে। ওয়াশিংটন বলে আসছে, আফগানিস্তানের কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে না হলে তারা সেই মন্ত্রণালয়ে সাহায্যের অর্থ দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২০২৩ ঘ.