২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ভারতের

পাকিস্তানি সেনারা ভারতে রকেট হামলা চালিয়েছে মনে করে ভারতীয় সেনারা শুক্রবার সীমান্তে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ইসলামাবাদ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি সেনারা ভারতে রকেট হামলা চালিয়েছে মনে করে ভারতীয় সেনারা শুক্রবার সীমান্তে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র। তবে ভারতের একজন কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার পাকিস্তানের ওই মুখপাত্র জানান, ভারতের অমৃতসর ও পাকিস্তানের লাহোর শহরের মধ্যবর্তী ওয়াগাহ সীমান্তের ওই গুলিতে কেউ হতাহত না হলেও পাকিস্তান এর প্রতিবাদ জানাবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কর্মকর্তা জানান, শুক্রবার মধ্যরাতের পরপরই পাকিস্তান থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কে. শ্রীনিভাসান রয়টার্সকে বলেন, "বিষয়টি আমরা পাকিস্তানের কাছে জোরালোভাবে উত্থাপন করেছি। জানি না তারা পাকিস্তানি সেনা কি না। রকেটগুলো প্রচলিত সেনা অস্ত্রের মতো না হওয়ায় সবদিক বিবেচনায় মনে হচ্ছে, সেগুলো জঙ্গিরা নিক্ষেপ করেছিল।" পাকিস্তানে গুলি চালানোর অভিযোগও অস্বীকার করেছে বিএসএফ। প্রসঙ্গত, কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলের সীমানা নির্ধারণকারী নিয়ন্ত্রণরেখা বরাবর পরমাণু অস্ত্রসমৃদ্ধ দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে মাঝেমধ্যেই গোলাগুলি হয়। তবে সমঝোতার ভিত্তিতে চিহ্নিত সীমান্তে এ ধরনের ঘটনা বিরল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৮২২ ঘ.