২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর আহ্বান যুক্তরাষ্ট্রের

এক বছর ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছর ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে শিগগির সীমান্ত ও জেরুজালেম সমস্যার দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র মনে করছে, দেরি না করে সীমান্ত ও জেরুজালেম সমস্যার দিকে দৃষ্টি দিলে ইহুদি বসতি স্থাপন নিয়ে অচলাবস্থা কেটে যাবে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে বলেন, শান্তি আলোচনা শুরুর আগে ইহুদি বসতি স্থাপন সম্পূর্ণ বন্ধের বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দাবি প্রত্যাহার প্রয়োজন। এক বছর আগে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রসানের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু হয়নি। ফিলিস্তিনের দাবি নতুন করে শান্তি আলোচনা শুরুর আগে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে হবে। তবে ইসরায়েলের এ দাবি প্রত্যাখান করে আসছে। পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ, অঞ্চলটিকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায়। এ বিষয়ে মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী মনে করেন, এর সুরাহা আসতে পারে একমাত্র আলোচনায় বসার মধ্য দিয়ে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ'র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "সীমান্ত সমস্যার সমাধান করতে বসতি স্থাপন সমস্যার সমাধান করতে হবে। জেরুজালেম সমস্যার সমাধান করতে হলেও প্রয়োজন বসতি স্থাপন সমস্যার সুরাহা।" ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ছয় দশক ধরে চলা এ দ্বন্দ্বের সুরাহা করার বিষয়ে নতুন করে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এ অঞ্চলের অস্থিতিশীলতাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৫৫০ ঘ.