২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুতালিবকে আদালতে হাজির

বিমান হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওমর ফারুক আব্দুল মুতালিবকে শুক্রবার প্রথম বারের মতো আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 07:14 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ডেট্রয়েট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিমান হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওমর ফারুক আব্দুল মুতালিবকে শুক্রবার প্রথম বারের মতো আদালতে হাজির করা হয়েছে। এ দিন তার নির্দোষিতার পক্ষে শুনানি শুরু হয়। ২৩ বছরের এ নাইজেরীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি আমস্টারডাম থেকে ডেট্রয়েটগামী যুক্তরাষ্ট্রের একটি বিমান বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। ছয়টি অভিযোগ মাথায় নিয়ে শুক্রবার আদালতে হাজির হন মুতালিব। অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন সাজা ভোগ করতে হবে। কড়া পাহারার মধ্যে মুতালিবকে আদালতে আনা হয়। শুনানি চলে তিন মিনিট ধরে। মুতালিবের পরনে ছিলো টি-শার্ট ও প্যান্ট; পায়ে ছিলো টেনিস স্যু। মুতালিব নিজে তার নির্দোষিতার পক্ষে আবেদন জানাতে অস্বীকৃতি জানালে আদালত নিজ উদ্যোগেই শুনানি শুরু করে। এর আগে নির্দোষিতার আবেদন জানানোর পক্ষে আদালতের প্রশ্নে নিশ্চুপ থাকেন এ নাইজেরীয় যুবক। বিচারক মার্ক র‌্যানডন তাকে প্রশ্ন করেন, আপনি কী অভিযোগের মাত্রা বুঝতে পারছেন? জবাবে মুতালিব বলেন, "হ্যাঁ, পারছি।" অভিযোগ প্রমাণিত হলে সাজা সম্পর্কে ধারণা আছে কিনা- বিচারকের এ প্রশ্নেও তার উত্তর ছিলো, "হ্যাঁ'। আদালতে মুতালিবকে বেশ স্বাভাবিক দেখাচ্ছিলো। নিজের নাম ও পরিচয়ও নিশ্চিত করেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ২৯০ জন যাত্রীবাহী ওই বিমান ২৫ ডিসেম্বর বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। তবে বিস্ফোরণ চেষ্টার সময় তার আসনের চারপাশ থেকে ধোঁয়া বেরোতে থাকলে বিমানের যাত্রী ও ক্রুরা তা প্রতিহত করে। ওই সময় মুতালিবে দেহের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাকে চিকিৎসাও দেওয়া হয়। ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রগামী সব বিমানে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়। এদিকে বিমান হামলাচেষ্টা ঠেকাতে নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩১২ ঘ.