কাবুল, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শুক্রবার এক সাক্ষাৎকারে দেশে দুর্নীতির রেকর্ডের সাফাই গেয়ে বলেছেন, পশ্চিমা গণমাধ্যমের বাড়াবাড়ির কারণে এ ইস্যুতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে।
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের সঙ্গে ওই সাক্ষাৎকারে কারজাই বলেন, তিনি পশ্চিমা নেতাদের সুচিন্তিত মতামতের ওপর নির্ভর করেন না। যারা নিজস্বার্থে আফগানিস্তানে সেনা পাঠিয়েছে।
আফগানিস্তানের স্বার্বভৌমত্বের ওপর বারবার গুরুত্বারোপ করে তিনি বলেন, এ মাসে অনুষ্ঠেয় আফগান সম্মেলনে তিনি দাতাদের কাছ থেকে আর অর্থ চাইবেন না। তবে বিদেশি সেনাদের হাতে আফগানদের ভোগান্তির অবসান চাইবেন তিনি।
ঘুষ দুর্নীতি সর্ম্পকে কারজাই বলেন, অনেক দেশের মতো আফগানিস্তানেও এ সমস্যা আছে। কিন্তু পশ্চিমা গণমাধ্যম আফগানিস্তানে অন্য সবকিছুর অনুপাতে পুরোপুরি দুর্নীতিরই ধ্বজা উড়িয়েছে।
আফগানিস্তানে বিদেশ থেকেই দুর্নীতি জেঁকে বসেছে উল্লেখ করে কারজাই বলেন, "আফগান প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব হল দুর্নীতি রোধে কাজ করে যাওয়া এবং তা বন্ধ করা। আর আমরা এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24