ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বড়দিনে বিমানে সন্ত্রাসী হামলার হুমকি রোধে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নতুন নতুন নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নতুন বিভিন্ন পদক্ষেপের মধ্যে যাত্রীদের কঠোর তল্লাশি, সন্ত্রাসীদের তালিকা নজরদারি আরও বাড়ানো, সন্দেহজনক হুমকিগুলো তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখা, নিরাপত্তা ঝুঁকি আছে এমন তথ্য সন্নিবেশ ও সমন্বয় আরও বাড়ানো এবং ভিসা নীতি পর্যালোচনা করে দেখার কথা বলেন।
বড়দিনের ওই হামলা প্রচেষ্টার ঘটনায় তিনটি ব্যর্থতার কথা তুলে ধরেন ওবামা। প্রথমত, হামলা পরিকল্পনাকারীদের কঠোরভাবে রুখতে না পারা। দ্বিতীয়ত, সঠিক গোয়েন্দ তথ্য বিশ্লেষণে মার্কিন গোয়েন্দাদের ব্যর্থতা এবং তৃতীয়ত, সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকা নজরদারি করতে তাদের ব্যর্থতা।
এসব ভুল শুধরাতে ওবামা বিশেষ ব্যক্তি ও দলকে সুস্পষ্ট দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে সন্দেহজনক হুমকি খতিয়ে দেখা এবং এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার নির্দেশ দেন।
ওবামা বলেন, আমি বিভিন্ন সংস্থাকে আরও ভালোভাবে কাজ করার নির্দেশ দিচ্ছি। সব খবর এবং তথ্য যাতে সঠিক এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। হুমকিগুলো যাতে সঠিকভাবে তদন্ত করা হয় এবং বিপজ্জনক ব্যক্তিদেরকে যেন বিমানে উঠতে দেওয়া না হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ ঘ.
bdnews24