২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর অবস্থার ফের অবনতি

ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকাল থেকে তাকে আবার কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 05:56 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকাল থেকে তাকে আবার কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার বিকালে ৯৫ বছর বয়সি এ রাজনীতিক নিজেই শ্বাস নিতে পারছিলেন। তবে শুক্রবার সকাল থেকে পুনরায় তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রী গত শুক্রবার থেকে কলকাতার এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন। একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের সদস্য সুসরুথ ব্যানার্জি শুক্রবার সাংবাদিকদের বলেন, "জ্যোতি বসুর একটি টেস্টের রিপোর্ট আজ (শুক্রবার) পাওয়া যাবে।" "বর্তমানে তাকে যে সব ওষুধ দেওয়া হচ্ছে তা সঠিকভাবে কাজ করছে কিনা এ রিপোর্ট থেকে তা জানা যাবে।" জ্যোতি বসুকে দেখতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার হাসপাতালে যান। অসুস্থ সিপিএম নেতার পাশে দেড় ঘণ্টা ছিলেন তিনি। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন জ্যোতি বসু। এরপর থেকে শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে চলতে হচ্ছে। অসুস্থতা সত্ত্বেও প্রবীণ নেতা জ্যোতি বসুকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটবুরোতে সদস্য হিসেবে রেখেছে। গত বছর লোকসভা নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়লে ভোট দিতে পারেননি তিনি। ১৯১৪ সালে জন্ম নেওয়া জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বাংলাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশেও বেশ কয়েকবার আসেন। এক দশক আগে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিলো জ্যোতি বসুর সামনে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তা হয়নি। সিপিএম এক সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চায় (ইউপিএ) থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে মতবিরোধে দুই বছর আগে তারা ওই মোর্চা ছাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১১৪৫ ঘ.