সানা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলার চেষ্টাকারী নাইজেরীয় নাগরিক উমর ফারুক আব্দুলমুতালাবকে নিয়োগ করেছিল লন্ডনের আল কায়দা শাখা।
তাছাড়া ইয়েমেনে এক কট্টর মার্কিন মুসলিম ধর্মীয় নেতার সঙ্গেও মুতালাব দেখা করেছিলেন। বৃহস্পতিবার ইয়েমেনের এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইয়েমেনের উপ-প্রধানমন্ত্রী (প্রতিরক্ষা ও নিরাপত্তা) আরশাদ আল আলিমী এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদেরকে যে খবর পাঠানো হয়েছে তাতে উমর ফারুক (আব্দুলমুতালাব) লন্ডনে আল কায়দায় যোগ দিয়েছিলেন।"
আলিমী আরও জানান, ইয়েমেনে থাকার সময় মুতালাব মুসলিম ধর্মীয় গুরু আনোয়ার আল আওলাকির সঙ্গেও দেখা করেন।
ইয়েমেন তাদের সীমান্তবর্তী প্রদেশগুলোতে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত মাসে আল কায়েদা জঙ্গি বিরোধী অভিযানে আওলাকি মারা পড়েছেন বলেই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০১১ ঘ.
bdnews24