শ্রীনগর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হোটেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় দুদিন ধরে চলা বন্দুকযুদ্ধের অবসান হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হোটেলে অবস্থান নেওয়া দুই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হলে যুদ্ধের অবসান হয়। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা বুধবার শ্রীনগরের পাঁচ তলা বিশিষ্ট ওই হোটেলটিতে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে এবং হোটেলের দখল নেয়। পরে আহত আরেক জন হাসপাতালে মারা যায়।
গত দু বছরের মধ্যে কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে এটাই সবচেয়ে বড় নাশকতার ঘটনা।
লড়াইকারী দুই জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে প্রায় ২২ ঘণ্টা লড়াই করে যায়। এ সময় তারা তাদের স্বয়ংক্রিয় রাইফেলে উপর্যুপরি গুলিবর্ষণের পাশাপাশি গ্রেনেড হামলাও করে।
কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার আন্দোলনরত ইসলামী সংগঠন জামাত উল মুজাহেদিন এ হামলার দায়স্বীকার করেছে। সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীর আরও ক্ষতি করার দৃঢ় অঙ্গীকারও করেছে।
কাশ্মিরের পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন,"জঙ্গিদের একজন পাকিস্তানি।"
পুলিশ জানায়, হোটেলের আশপাশের বাড়িঘর এবং হোটেলের ভিতর থেকে প্রায় ৪শ' সাধারণ মানুষকে উদ্ধার করা হয়েছে। এসব স্থানে জঙ্গিরা হামলা চালাচ্ছিল।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন বার যুদ্ধ হয়েছে। যার দুটিই কাশ্মির নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24